টানা দ্বিতীয়বারের মতো নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠল দক্ষিণ আফ্রিকা। আজ বৃহস্পতিবার দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে ৮ উইকেটে হারিয়েছে তারা।

২০২৩ সালে ঘরের মাঠে অনুষ্ঠিত আসরের ফাইনালে অজি নারীদের কাছে হেরে যায় প্রোটিয়া নারীরা। সেটি ছিল তাদের প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল। এবার দুবাইতে সেই হারের বদলা নিল লরা উলভার্টের দল।

আগে ব্যাটিংয়ে নেমে প্রোটিয়া নারীদের শক্ত বোলিংয়ের মুখে ৫ উইকেটে ১৩৪ রান তুলতে সমর্থ হয় রেকর্ড ছয়বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। বেথ মুনি ৪২ বলে ৪৪, তাহলিয়া ম্যাকগ্রা ৩৩ বলে ২৭, এলিস পেরি ২৩ বলে ৩১ ও ফোবে লিচফিল্ড ৯ বলে ১৬ রান করেন। আয়াবোঙ্গা খাকা ২৪ রানে দুটি উইকেট নেন।

রান তাড়া করতে নেমে আন্নেকে বশ (৪৮ বলে ৭৪*) ও লরা উলভার্টের (৩৭ বলে ৪২) রাজসিক ব্যাটিংয়ে ১৬ বল হাতে রেখে জয় পায় দক্ষিণ আফ্রিকা।

শুক্রবার দ্বিতীয় সেমিফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ। রোববার দুবাইয়ে নবম টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল।