ইনজুরির কারণে বাংলাদেশে প্রিমিয়ার লিগের (বিপিএল) বাকি ম্যাচগুলো খেলতে পারবেন না তাসকিন আহেমদ। তার জায়গায় সিলেট সানরাইজার্স দলে ভিড়েয়েছে ডানহাতি পেসার এ কে এস স্বাধীনকে। আজ (সোমবার) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ফ্রাঞ্চাইজিটি। 

পিঠের পুরনো ব্যথা নতুন করে শুরু হওয়ায় সর্বশেষ দুটি ম্যাচে ছিলেন না তাসকিন। চট্টগ্রামের পর ঢাকায় একটি ম্যাচ মিস করে সিলেটে ফেরার অপেক্ষায় ছিলেন। অনুশীলনে কয়েকদিন পর্যবেক্ষেণের পর আজ তাসকিনের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেয় সিলেট।

তাসকিনের চোটের অবস্থা নিয়ে সিলেটের ফিজিও জয় সাহা দুদিন আগে বলেছিলেন, তাসকিনের পিঠের চোটটা পুরনো। চট্টগ্রাম পর্বের খেলা শেষে সে জানাচ্ছিল যে ব্যথা হচ্ছে। এরপর আমরা এমআরআই করাই। আগের চোটটাই আবার ফিরে এসেছে। বিসিবির ফিজিও বায়েজিদ ভাইয়ের সঙ্গে আমরা কথা বলেছি। তার পরামর্শ অনুযায়ী চিকিত্সা চলছে। তাসকিনকে নিয়ে আমরা ঝুঁকি নিতে পারছি না, কারণ সামনে আফগানিস্তান সিরিজ।

চলমান বিপিএলে সিলেটের হয়ে ৪টি ম্যাচ খেলেছেন তাসকিন।  ৪ ম্যাচে জাতীয় দলের এই পেসার নিয়েছেন ৫ উইকেট।