বার্নলি ও ম্যানচেস্টার সিটির ম্যাচ দিয়ে শুক্রবার রাতে শুরু হয়ে গেল ইংলিশ প্রিমিয়ার লিগের ২০২৩-২৪ মৌসুম। শনিবার মাঠে ছিল ১২ দল। আজ হাইভোল্টেজ ম্যাচে চেলসির মাঠে খেলবে লিভারপুল। আগামীকাল ম্যানইউ নিজেদের মাঠে খেলবে উলভারহ্যাম্পটনের বিপক্ষে। 

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ম্যানসিটি গত মৌসুমে লিগ শিরোপার সঙ্গে প্রথমবারের মতো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপাও জিতে নেয়। সঙ্গে ছিল এফএ কাপ। পেপ গার্দিওলার ট্রেবলজয়ী দলটি এবারো ফেভারিট। গতবার তীরে গিয়ে তরী ডোবে আর্সেনালের। তারা ২০০৩ সালের পর প্রথমবারের মতো শিরোপা জিততে মরিয়া। গতবারের মতো এবারো সিটিকে চ্যালেঞ্জ জানাতে পারবে কি তারা? সিটির নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেড ক্রমেই আত্মবিশ্বাসী হয়ে উঠছে। তারাও শ্রেষ্ঠত্ব ফিরে পেতে মরিয়া হয়ে খেলবে। এছাড়া লন্ডনের দুই পরাশক্তি চেলসি ও টটেনহামও শীর্ষ দলগুলোকে শক্ত চ্যালেঞ্জ ছুড়ে দেবে।

ম্যানসিটি: ট্রেবলজয়ী ম্যানসিটির বাইরে কেউ শিরোপা জিতবে, সেটা কল্পনা করাও কঠিন। সাত মৌসুমের মধ্যে ষষ্ঠবারের মতো শিরোপা হাতে তুলবেন সিটিজেনরা—এমন ভবিষ্যদ্বাণী করাই বরং সহজ।

ইকাই গুন্দোয়ান ও রিয়াদ মাহরেজের মতো দুজন বড় ম্যাচের খেলোয়াড় বিদায় নিলেও সিটির ভাণ্ডার এখনো সমৃদ্ধ আর প্রতিপক্ষের জন্য ভয়ংকর। সঙ্গে যুক্ত হলো ক্রোয়েশিয়ার দুই তারকা। মধ্যমাঠে অভিজ্ঞতা নিয়ে আসবেন চেলসি থেকে সই করানো ম্যাতেও কোভাচিচ আর বিশ্বকাপে আলো ছড়ানো তরুণ ডিফেন্ডার ইয়াস্কো গার্দিওল। আর্লিং হালান্ড এক মৌসুমেই দেখিয়ে দিয়েছেন তিনি কী করতে পারেন, আর কেভিন ডি ব্রুইনের মতো মেধাবী মিডফিল্ডার তো আছেনই। সব মিলিয়ে গতবারের মতোই শক্তি আর রসদ দিয়ে এবার শিরোপা রক্ষায় নামছে গার্দিওলার দল।

লিভারপুল: গতবার কোনো শিরোপা জেতা হয়নি লিভারপুলের। এবার চ্যাম্পিয়ন্স লিগও খেলতে পারবে না অল রেডরা। চ্যাম্পিয়ন্স লিগের চাপ না থাকায় প্রিমিয়ার লিগে এবার সর্বস্ব নিংড়ে দিয়ে খেলবে ইয়ুর্গেন ক্লোপের দল। ফলও আসতে পারে। অধিনায়ক জর্ডান হেন্ডারসন আর ফাবিনহো চলে যাওয়ার পর ক্লোপ দলে নিয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী মিডফিল্ডার অ্যালেক্স ম্যাক অ্যালিস্টার ও হাঙ্গেরির তরুণ মিডফিল্ডার ডমিনিক সোবোস্লাইকে। মোহাম্মদ সালাহ, কডি গাপকো, লুইস ডিয়াজ, দিয়োগো জোটা ও ডারউইন নুনেজ তো রয়েছেন। মৌসুম শেষে অল রেডদের হাতে শিরোপা দেখা যেতেই পারে।

আর্সেনাল: গত মৌসুমে অবিশ্বাস্য এক রেসের পর শেষ দিকে ভেঙে পড়ে আর্সেনাল। বিশেষ করে পরাক্রমশালী সিটির নিরলস চাপের মুখেই তারা পেরে ওঠেনি। এবারো শিরোপার পিছু ছুটবে গানাররা। এরই মধ্যে বিশেষ বার্তাও তারা দিয়ে রেখেছে। প্রাক-মৌসুম ট্যুরে ভালো ফুটবল খেলার পর মিকেল আরতেতার দল কমিউনিটি শিল্ডে ম্যানসিটিকে হারিয়ে মৌসুমের প্রথম শিরোপার স্বাদ পেয়েছে। গত রোববার ওয়েম্বলিতে ম্যাচটি ১-১ গোলে অমীমাংসিত থাকার পর টাইব্রেকারে ৪-১ গোলের জয় পায় আর্সেনাল।

২০১৬-১৭ মৌসুমের পর প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ খেলতে যাওয়া আর্সেনাল ১০৫ মিলিয়ন পাউন্ডে দলভুক্ত করেছে ডিক্লান রাইসকে ও চেলসি থেকে ৬৫ মিলিয়ন পাউন্ডে নিয়েছে কাই হাভার্টজকে। ডাচ ডিফেন্ডার জুরিয়েন টিম্বারও দারুণ এক অন্তর্ভুক্তি হতে পারে দলটির জন্য। গতকাল নটিংহ্যাম ফরেস্টকে ২-১ গোলে হারিয়ে শুভসূচনা করেছে গানাররা।   

ম্যানইউ: ওল্ড ট্র্যাফোর্ডে এরিক টেন হ্যাগের পুনর্গঠন প্রক্রিয়ায় দ্বিতীয় ধাপ চলছে এখন। গত মৌসুমে তার হাত ধরে ইএফএল কাপ জয় করে রেড ডেভিলরা, যা ২০১৭ সালের পর ওল্ড ট্র্যাফোর্ডের দলটির প্রথম শিরোপার স্বাদ। তারা এফএ কাপ ফাইনালে হেরেছে ম্যানসিটির কাছে। এবার ফিরছে চ্যাম্পিয়ন্স লিগেও।

গোলকিপার ডেভিড ডি গিয়া চলে গেছেন, তার জায়গা নিয়েছেন আন্দ্রে ওনানা। কোচ টেন হ্যাগের অধীনে আয়াক্সে খেলেছেন ওনানা। এ কারণেই তাকে দলে টেনেছেন টেন হ্যাগ। তার খেলার স্টাইলও এরিকের সঙ্গে মানানসই।

চেলসি থেকে আসা মিডফিল্ডার ম্যাসন মাউন্ট ও ৭২ মিলিয়ন পাউন্ডে কেনা রাসমুস হলান্ডের ওপর চোখ থাকবে সবার। ড্যানিশ খেলোয়াড়টির হয়তো নতুন ক্লাবে মানিয়ে নিতে সময় লাগবে। তবে এত দামে কেনা খেলোয়াড়টিকে দ্রুতই পারফর্ম করতে হবে।

চেলসি: লন্ডন জায়ান্ট চেলসি গত মৌসুমে ৬০ কোটি পাউন্ডের বেশি বিনিয়োগ করে দল গোছানোর পরও লিগে ১২তম হয়েছে। নতুন কোচ টমাস টুখেল, গ্রাহাম পটার ও ফ্রাঙ্ক ল্যাম্পার্ড মিলেও চেলসির পতন ঠেকাতে পারেননি। ২০২১ সালের চ্যাম্পিয়ন্স লিগ বিজয়ীরা এবার ইউরোপা লিগেও নেই। আর্জেন্টাইন কোচ মাউরিসিও পচেত্তিনোর অধীনে নতুন লড়াই শুরু করবে চেলসি। এ লড়াই ফিরে আসার।