রায়ান রিকেলটন ক্যারিয়ারের প্রথম ওয়ানডে সেঞ্চুরিতে আজ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে দক্ষিণ আফ্রিকাকে ৬ উইকেটে ৩১৫ রানের সংগ্রহ এনে দিয়েছেন। চ্যাম্পিয়নস ট্রফিতে এটা প্রোটিয়াদের দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ। আগের সর্বোচ্চ সংগ্রহ ২০০২ আসরে কেনিয়ার বিপক্ষে করা ৩১৬/৫।

১০৬ বলে ৭ বাউন্ডারি ও ১ ছক্কায় ১০৩ রানের ইনিংস খেলে রানআউট হয় যান রিকেলটন। এছাড়া দারুণ ফিফটি করেন তেম্বা বাভুমা (৭৬ বলে ৫৮), রাসি ফন ডার ডুসেন (৪৬ বলে ৫২) ও এইডেন মার্করাম (৩৬ বলে ৫২*)। আফগানদের হয়ে মোহাম্মদ নবি ৫১ রানে ২টি উইকেট নেন।

আজ জিততে হলে রেকর্ড গড়তে হবে আফগানদের। সর্বোচ্চ ২৮৩ রান তাড়া করে জয়ের রেকর্ড আছে তাদের পাকিস্তানের বিপক্ষে। হাশমতউল্লাহ শহিদির দলকে প্রেরণা দিচ্ছে গত বছর আরব আমিরাতে প্রোটিয়াদের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়।