নবম আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি মিশন শুরু হয়ে গেল বাংলাদেশের। আজ বৃহস্পতিবার নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী ভারতের বিপক্ষে টস জিতে ব্যাটিং বেছে নিয়েছে টাইগাররা।
বাংলাদেশ দলনায়ক নাজমুল হোসেন শান্ত টস জয়ের পর বলেছেন, টুর্নামেন্ট শুরুর আগের প্রস্তুতিতে তিনি সন্তুষ্ট এবং ২০২২ সালে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয় থেকে প্রেরণা খুঁজে নিতে চান। এদিকে, ব্যাটিং না পেয়ে হতাশ নন ভারতীয় দলনায়ক রোহিত শর্মা। বলেছেন, টস জিতলে তিনি বোলিংই নিতেন।
প্রথম ম্যাচে অভিজ্ঞ মাহমুদউল্লাহকে নেয়নি বাংলাদেশ। এদিকে, পেস বোলার নাহিদ রানার চেয়ে তানজিম হাসান সাকিবকে অগ্রাধিকার দিয়েছে দল। তার সঙ্গে আছেন তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান। স্পিনার হিসেবে আছেন মেহেদী হাসান মিরাজ ও রিশাদ হোসেন। পার্টটাইম বোলার হিসেবে আছেন সৌম্য সরকার।
ভারতের একাদশে ফিরেছেন মোহাম্মদ শামি ও কুলদীপ যাদব। বাদ পড়েছেন বরুণ চক্রবর্তী ও অর্শদীপ সিং।
ওয়ানডেতে মুখোমুখি লড়াইয়ে ভারত অনেক এগিয়ে। এখন পর্যন্ত ৪১টি ওয়ানডের মধ্যে ৩২টি জিতেছে ভারত, বাংলাদেশ জিতেছে ৮টিতে।
বাংলাদেশ একাদশ
তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, জাকের আলী, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।
ভারত একাদশ
রোহিত শর্মা, শুবমন গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, অক্ষর প্যাটেল, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, হরষিত রানা, মোহাম্মদ শামি, কুলদীপ যাদব।










