দেশে ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যরাও লোকচক্ষুর অন্তরালে চলে যান। তোপের মুখে পড়েন ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও বর্তমান দলের তারকা সাকিব আল হাসান। গুঞ্জন ওঠে, সাকিব আর দেশে ফিরবেন কিংবা পাকিস্তান সফরের অংশ হবেন? এই সংশয়ের অবসান ঘটল এবার। চৌকস এই অলরাউন্ডারকে নিয়েই আজ রোববার (১১ আগস্ট) পাকিস্তান সফরের জন্য ১৬ জনের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সোমবার পাকিস্তানের উদ্দেশে রওনা হবে ক্রিকেট দল।

 

আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে রাওয়ালপিন্ডি ও করাচিতে দুটি টেস্ট খেলবে বাংলাদেশ ও পাকিস্তান। ২১ আগস্ট রাওয়ালপিন্ডি টেস্ট শুরু হবে। ৩০ আগস্ট থেকে করাচিতে দ্বিতীয় ও শেষ টেস্ট। ১৪ থেকে ১৬ আগস্ট লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুশীলন করবে বাংলাদেশ ক্রিকেট দল। এরপর ১৭ আগস্ট প্রথম টেস্টের ভেনু ইসলামাবাদে যাবে দলটি।

 

ঢাকার বর্তমান পরিস্থিতিতে ক্রিকেটারদের নিরাপত্তা শঙ্কায় থাকায় একটু আগেভাগে পাকিস্তান গিয়ে অনুশীলন করবে টাইগাররা। ‘এ’ দলের হয়ে আগেই পাকিস্তান পৌঁছেছেন দুই সাবেক টেস্ট অধিনায়ক মুমিনুল হক ও মুশফিকুর রহিম।   

 

বাংলাদেশ স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, নাহিদ রানা, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও সৈয়দ খালেদ আহমেদ।