নিষ্প্রাণ উইকেটে ব্যাটারদের দাপটে রাওয়ালপিন্ডিতে পাকিস্তান-অস্ট্রেলিয়ার প্রথম টেস্ট ড্র হয়। ব্যাটে-বলে করাচি টেস্ট ছড়িয়েছে রোমাঞ্চ। সাদা পোশাকে বাবর আজমের ক্যারিয়ারসেরা ইনিংসে ওই ম্যাচটিও ড্র হয়। তিন ম্যাচের সিরিজে প্রথম দুটি ড্র হওয়ায় লাহোরের শেষ ম্যাচটি হয়ে উঠেছে সিরিজনির্ধারণী। আগামীকাল লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে শুরু হবে সিরিজের শেষ টেস্ট। বাংলাদেশ সময় বেলা ১১টায় দিনের খেলা শুরু হবে।

এর মধ্য দিয়ে প্রায় এক যুগ পর টেস্ট ক্রিকেট ফিরছে গাদ্দাফি স্টেডিয়ামে। ২০০৯ সালে এখানে টেস্ট চলাকালীন শ্রীলংকা ক্রিকেট দলের গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। এরপর আর কোনো টেস্ট ম্যাচ হয়নি এ ভেন্যুতে। ওয়ানডে ও টি২০ ম্যাচ অনুষ্ঠিত হলেও দীর্ঘদিন পর এ মাঠে ফিরছে টেস্ট ক্রিকেট।

এ মাঠে আগে পাকিস্তান-অস্ট্রেলিয়া পাঁচবার মুখোমুখি হয়েছে। দুদলের ফল ফিফটি ফিফটি। একটি করে টেস্ট জিতেছে উভয় দল। বাকি তিনটি ড্র হয়েছে। সর্বশেষ মার্ক টেলরের নেতৃত্বে অজিরা খেলেছে ১৯৯৪ সালে। পাকিস্তানের অধিনায়ক ছিলেন সেলিম মালিক। ওই ম্যাচটি ড্র হয়। লাহোরে সর্বমোট ৪০টি টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ২২টি টেস্ট ড্র হয় আর ১৮ ম্যাচে ফল এসেছে। এর মধ্যে ১২টি টেস্ট জেতে স্বাগতিকরা।

এখানে টস একটি বড় ফ্যাক্টর। আগে ব্যাটিং করে মাত্র তিনটি ম্যাচ জিতেছে দলগুলো। অন্যদিকে আগে বোলিং নিয়ে জেতার নজির

১৫ টেস্টে। একবিংশ শতাব্দীতে এ মাঠে ১০টি টেস্ট ম্যাচ হয়েছে, ২০০২ সালে একটি টেস্ট শ্রীলংকা জিতেছিল। এছাড়া পাকিস্তানকে কেউ হারাতে পারেনি। চতুর্থ ইনিংসে ব্যাটারদের জন্য দুর্ভেদ্য হয়ে ওঠে উইকেট। চতুর্থ ইনিংসের গড় রান মাত্র ১৪৮!

ব্যাট হাতে দারুণ ফর্মে রয়েছেন দুদলেরই ব্যাটাররা। বাবর, শফিক, ইমাম ও রিজওয়ানদের বিপক্ষে অজি দলে খাজা, লাবুশেন, স্মিথরাও আছেন ফর্মে। লাহোরে পরীক্ষা হতে পারে দুদলের বোলারদের। ক্রিকইনফো, ডন