আগামী ২৮ অক্টোবর সোমবার রাতে বিজয়ীর হাতে তুলে দেয়া হবে এবারের ব্যালন ডি’অর ট্রফি। এটি সামনে রেখে মোক্ষম সময়ে হ্যাটট্রিক করে নিজের যোগ্যতার প্রমাণ আরেকবার দিলেন রিয়াল মাদ্রিদের ভিনিসিয়ুস জুনিয়র। তার হ্যাটট্রিকে ভর করে মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচে ৫-২ গোলে বরুশিয়া ডর্টমুন্ডকে হারায় রিয়াল। অথচ এই ম্যাচে ২-০ গোলে পিছিয়ে ছিল রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়ন। সেখান থেকে ভিনিসিয়ুস জাদুতে শেষ পর্যন্ত বড় জয় তুলে নিল আলবিসেলেস্তেরা। ঝলমলে এই পারফরম্যান্স শেষে রিয়াল সমর্থকরা তো ভিনির হাতেই ব্যালন ডি’অর ট্রফি দেখছেন।
ম্যাচ শেষে সমর্থকরা ভিনি ব্যালন ডি’অর পাচ্ছেন বলে গানই জুড়ে দিলেন। আর ভিনি বলেছেন, তিনি পুরোটা ক্যারিয়ার রিয়ালেই কাটিয়ে দিতে চান।
ম্যাচ শেষে রিয়াল কোচ কার্লো অ্যানচেলত্তি ব্রাজিলিয়ান খেলোয়াড়টিকে ‘অবিশ্বাস্য এক চরিত্র’ আখ্যা দেন। তিনি জানান, গত মৌসুমের পারফরম্যান্স বিবেচনায় ভিনিই জিতবেন ব্যালন ডি’অর।
এবারের ব্যালন ডি’অর পুরস্কারের জন্য ২০২৩ সালের ১ আগস্ট থেকে ২০২৪ সালের ৩১ জুলাই পর্যন্ত পারফরম্যান্সকে বিবেচনায় নেয়া হচ্ছে। মঙ্গলবারের হ্যাটট্রিক এখানে সরাসরি কোনো প্রভাব না ফেললেও তাকে আলোচনায় রাখার জন্য যথেষ্ট। এমনিতেই তিনি ফেভারিট। গত চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে গোল করাসহ দুর্দান্ত পারফরম্যান্সে তিনি টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন। সেই ফর্ম তিনি টেনে এনেছেন চলতি মৌসুমেও।
ম্যাচের সময় সমর্থকরা গলা ফাটান ‘ব্যালন ডি’অর-ভিনিনিয়ুস ব্যালন ডি’অর’ বলে। ম্যাচ শেষে সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ভিনিসিয়ুস নিউজ আউটলেটর মোভিস্টারকে বলেন, ‘যখন আমাদের সমর্থকরা আমার নাম ধরে ডাকে সেটা আসলে স্বপ্ন সত্যি হওয়ার মতো ব্যাপার। আমি আরো বেশি গোল করে এই আস্থা ও ভালোবাসার প্রতিদান দিয়ে যাব। আমি তো সবে ২৪, আশাকরি পুরোটা ক্যারিয়ার রিয়ালে খেলে যাব। যে ক্লাবটি আমাকে এত কিছু দিয়েছে সেই ক্লাবটিকে আমি সবকিছুই দিয়ে যাব।’
ব্যালন ডি অ’রের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন ৩০ জন। তবে গত মৌসুমে ম্যানসিটিকে প্রিমিয়ার লিগ ও স্পেনকে ইউরো চ্যাম্পিয়নশিপ শিরোপা জিততে সাহায্য করা রদ্রি হতে পারেন ভিনিসিয়ুসের মূল প্রতিদ্বন্দ্বী। যুক্তরাজ্যের বুকিং সাইটগুলো অবশ্য ভিনির হাতেই দেখছেন এবারের ব্যালন ডি’অর।
গত মৌসুমে ক্লাব ও দেশের জার্সিতে ৫১ ম্যাচ খেলে ২৬ গোল করার পাশাপাশি ১২ গোলে অ্যাসিস্ট করেছেন ভিনিসিয়ুস। ২০০৭ ব্যালন ডি’অরে শুরু হয় ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসির রাজত্ব। সেই থেকে ওই দুজনের বাইরে মাত্র তৃতীয় খেলোয়াড় হিসেবে ব্যালন ডি’অর জিততে পারেন ভিনি। মেসি ও রোনালদো ছাড়া মাঝের সময় ব্যালন জিতেছেন শুধু লুকা মডরিচ আর করিম বেনজেমা। দুজনই রিয়ালে খেলে ব্যালন ডিঅ’র জয় করেন। মডরিচ এখন রিয়ালে খেললেও বেনজেমা খেলেন সৌদি আরবে। এবার মেসি ও রোনালদো তালিকায় নেই। মেসি খেলেন যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামিতে, আর রোনালদো সৌদি আরবের আল নাসেরে।
এদিকে, চ্যাম্পিয়ন্স লিগে মঙ্গলবার রাতে এসি মিলান ৩-১ গোলে ক্লাব ব্রুগেকে, মোনাকো ৫-১ গোলে রেড স্টারকে, আর্সেনাল ১-০ গোলে শাখতার দোনেৎস্ককে, অ্যাস্টন ভিলা ২-০ গোলে বোলোনাকে, জিরোনা ২-০ গোলে স্লোভানকে, স্টুটগার্ট ১-০ গোলে জুভেন্টাস, স্পোর্টিং লিসবন ২-০ গোলে স্টার্মকে হারায়। পিএসভির সঙ্গে ১-১ গোলে ড্র করে পিএসজি।










