অ্যাশলেই বার্টি ২০২২ সালে অস্ট্রেলিয়ান ওপেন জয়ের পরই অবসরের ঘোষণা দেন। পরিবার নিয়ে ব্যস্ত থাকা বার্টি সম্প্রতি ঘোষণা দিয়েছেন, তিনি মা হতে চলেছেন। এবার অস্ট্রেলিয়ান ওপেনে স্বাগতিকদের আশা-ভরসার প্রতীক হয়ে উঠেছিলেন নিক কিরিওস। কিন্তু টুর্নামেন্ট শুরুর আগে তিনি চোটের কারণে নাম প্রত্যাহার করে নেন। এর পরও দর্শক মাঠে আসছিলেন। কিন্তু অনেকে এবার বাড়ি থেকেই টিভির পর্দায় চোখ রাখারও পক্ষপাতী। কারণ তারকাখরা। এবার একসঙ্গে অনুপস্থিত একঝাঁক হাইপ্রোফাইল তারকা। তাতে সম্প্রচার কোম্পানিগুলোরও মাথায় হাত।

বার্টি ও কিরিওসের অনুপস্থিতির প্রভাব প্রথম তিন-চার দিনেই টের পাওয়া গেছে। এর সঙ্গে যোগ হয় বড় তারকাদের অনুপস্থিতি। ২৩ বারের গ্র্যান্ড স্লাম চ্যাম্পিয়ন সেরেনা উইলিয়ামস, ২০ বারের গ্র্যান্ড স্লাম চ্যাম্পিয়ন রজার ফেদেরার গত বছর অবসর নিয়েছেন। সাবেক চ্যাম্পিয়ন নাওমি ওসাকা সম্প্রতি মা হওয়ার ঘোষণা দিয়েছেন, সংগত কারণেই তার খেলা হচ্ছে না। এছাড়া চোটের কারণে খেলছেন না পুরুষ এককে বিশ্বের এক নম্বর খেলোয়াড় কার্লোস আলকারাজ, আমেরিকান গ্রেট ভেনাস উইলিয়ামস।

এই গেল অবসর আর চোটের আঘাত। সঙ্গে যোগ হয়েছে এবার একের পর এক অঘটন। গতবারের চ্যাম্পিয়ন ও শীর্ষ বাছাই রাফায়েল নাদাল দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নিয়েছেন। মেলবোর্নে ২০২০ সালের সেমিফাইনালিস্ট জার্মানির আলেক্সান্ডার জেভেরেভ এবার বিদায় নিয়েছেন দ্বিতীয় রাউন্ড থেকে। এছাড়া দ্বিতীয় বাছাই নরওয়ের ক্যাসপার রুডকে হারিয়েছেন যুক্তরাষ্ট্রের জেনসন ব্রুকসবাই।

শুক্রবার অঘটনের শিকার দুইবারের ফাইনালিস্ট ও সাবেক ইউএস ওপেন চ্যাম্পিয়ন রাশিয়ার দানিল মেদভেদেভ। তাকে হারান যুক্তরাষ্ট্রের ২২ বছর বয়সী সেবাস্তিয়ান কোরদা।

নারী এককে ২০২১ সালের ইউএস ওপেন চ্যাম্পিয়ন এমা রাদুকানুকে হারিয়ে দিয়েছেন যুক্তরাষ্ট্রের ১৮ বছর বয়সী তারকা কোকো গাফ। বর্তমান ফর্মের বিচারে অবশ্য কোকোই ফেভারিট ছিলেন। দ্বিতীয় বাছাই ও ২০২২ সালের ইউএস ওপেনের ফাইনালিস্ট তিউনিসিয়ার ওনস জাবেরকে দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় করেন মার্কেতা ভনদ্রোসোভা। এভাবেই একের পর এক তারকার বিদায়ে হতাশা নেমে এসেছে সম্প্রচার কোম্পানি নাইট নেটওয়ার্কে।