অস্ট্রেলিয়ান ওপেনে রেকর্ড দশবারের চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচ চতুর্থ রাউন্ডে উঠেছেন। নেদারল্যান্ডসের বোটিচ ফন ডে জ্যান্ডশালপকে সরাসরি ৬-৩, ৬-৪, ৭-৬ (৭/৪) গেমে হারিয়েছেন তিনি। এটা গ্র্যান্ড স্লামে তার ৪০০তম ও অস্ট্রেলিয়ার মাটিতে ১০২তম জয়।

ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে গ্র্যান্ড স্লামের এককে ৪০০ জয় পেলেন জোকোভিচ। অস্ট্রেলিয়ান ওপেনে তিনি ১০২টি জয়ের বিপরীতে হেরেছেন ১০টি ম্যাচ। অস্ট্রেলিয়ান ওপেনে সুইস কিংবদন্তি রজার ফেদেরারও জিতেছেন ১০২টি ম্যাচ।

যেকোনো খেলোয়াড়ের চেয়ে বেশিবার অস্ট্রেলিয়ান ওপেন জয়ের কৃতিত্ব দেখিয়েছেন জোকোভিচ। মেলবোর্ন পার্কে নিজের ১১তম ও সব মিলিয়ে রেকর্ড ২৫তম গ্র্যান্ড স্লাম জয়ের লক্ষ্যে খেলছেন ৩৮ বছর বয়সী জোকোভিচ। এবার শিরোপা জিততে পারলে মার্গারেট কোর্টকে পেছনে ফেলে নারী ও পুরুষ মিলিয়ে এককে সর্বোচ্চ গ্র্যান্ড স্লাম শিরোপার মালিক হবেন তিনি।

গত বছর চারটি মেজর আসরের সেমিফাইনাল থেকে বিদায় নেয়া জোকোভিচ এবার ভালো কিছু আশা করছেন। গতকাল জয় শেষে তিনি বলেন, ‘আমি মনে করি, টুর্নামেন্টটি দারুণভাবে শুরু হয়েছে আমার। গত বছর আমি অনেক কিছু শিখেছি। গতবার আমি খুব বেশি শিহরিত হচ্ছিলাম এবং চারটি মেজরের মধ্যে তিনটিতেই চোটে পড়ে যাই।’

তার ব্যর্থতায় চারটি গ্র্যান্ড স্লাম ভাগাভাগি করেন কার্লোস আলকারাজ ও সিনার। তাদের দুজনকে নিয়ে জোকোভিচ বলেন, ‘এই দুজন ভিন্ন লেভেলের টেনিস খেলছে। আমি এ দুটি ছেলেকে পেছন থেকে ধাক্কা দিয়ে চলেছি।’

এটা জোকোভিচের ২১তম অস্ট্রেলিয়ান ওপেন ও ৮১তম গ্র্যান্ড স্লাম আসর। পেদ্রো মার্টিনেজকে হারিয়ে শুরু করেন এবারের আসর। সেটা ছিল এ আসরে তার শততম জয়। এবার ১০২তম জয়ে ছুঁয়ে ফেললেন ফেদেরারকে। জোকোভিচ প্রথম খেলোয়াড় হিসেবে তিনটি গ্র্যান্ড স্লাম আসরে অন্তত একশ করে ম্যাচ জিতেছেন। তিনি উইম্বলডনে ১০২টি ও ফ্রেঞ্চ ওপেনে ১০১টি ম্যাচ জিতেছেন। বর্তমান চ্যাম্পিয়ন ইতালির ইয়ান্নিক সিনার ৪-৬, ৬-৩, ৬-৪, ৬-৪ গেমে এলিয়ট স্পিৎজিরিকে হারিয়ে চতুর্থ রাউন্ডের টিকিট পেয়েছেন।

অস্ট্রেলিয়ান ওপেনে দুইবারের সাবেক চ্যাম্পিয়ন জাপানের নাওমি ওসাকা তৃতীয় রাউন্ডের ম্যাচ খেলতে নামার আগে নিজেকে প্রত্যাহার করে নেন। ফলে ‘ওয়াকওভার’ পেয়ে চতুর্থ রাউন্ডে উঠেছেন অস্ট্রেলিয়ার ম্যাডিসন ইংলিস। ২৮ বছর বয়সী ইংলিশ এই প্রথমবার গ্র্যান্ড স্লামের চতুর্থ রাউন্ডে উঠলেন। ২৮ বছর বয়সী ওসাকা তলপেটের বাম দিকে চোটের কথা বলেছেন।

মেয়েদের এককে বর্তমান চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্রের ম্যাডিসন কিজ ৬-৩, ৬-৩ গেমের জয় পেয়েছেন চেক রিপাবলিকের ক্যারোলিনা প্লিসকোভার বিপক্ষে। তার স্বদেশী জেসিকা পেগুলা ৬-৩, ৬-২ গেমে হারান রাশিয়ার ওসকানা সেলেকমেতেভকে।

মেয়েদের এককে যুক্তরাষ্ট্রের চতুর্থ বাছাই খেলোয়াড় আমান্ডা আনিসিমোভা ৬-১, ৬-৪ গেমে স্বদেশী পেইটন স্টার্নসকে হারান। গত বছর উইম্বলডন ও ইউএস ওপেনের ফাইনালে হেরে যাওয়া এ খেলোয়াড় ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্লাম শিরোপার আশায় খেলছেন অস্ট্রেলিয়ান ওপেনে এবং এখন পর্যন্ত দারুণভাবে ছুটে চলছেন।