আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি শুরু হবে ১৯ ফেব্রুয়ারি। বাংলাদেশ মাঠে নামবে পরদিন ২০ ফেব্রুয়ারি। দুবাইয়ে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ ক্রিকেট দল। তার আগে আজ সোমবার একমাত্র ওয়ার্মআপ ম্যাচে পাকিস্তান শাহিনসের (পাকিস্তান-এ দল) মুখোমুখি হয়েছে টাইগাররা। ব্যাটিংটা ভালো হয়নি লাল-সবুজদের। আগে ব্যাটিং করতে নেমে ৩৮.২ ওভারে ২০২ রানে অলআউট হয়ে যায় নাজমুল হোসেন শান্তর দল।
তানজিদ হাসান তামিম ৬ রান করে আলী রেজার বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরেছেন, আর ১২ রান করে মুবাশ্বির খানের বলে আউট হয়েছেন অধিনায়ক শান্ত। সৌম্য সরকার রানআউট হয়েছেন ৩৮ বলে ৩৫ রান করে। এরপর মেহেদী হাসান মিরাজ ও তাওহীদ হৃদয় জুটি বাধলেও বেশিদূর যেতে পারেননি। মিরাজ ৫৩ বলে ৪৪ ও তাওহীদ ৩৩ বলে ২০ রান করে ফিরে যান সাজঘরে।
মুশফিকুর রহিম (৭) ও জাকের আলীও (০) দ্রুতই ফেরেন সাজঘরে। পাকিস্তানের লেগস্পিনার ওসামা মির নেন ৪ উইকেট। শেষ দিকে তানজিম হাসান ২৭ বলে ৩০, নাসুম আহমেদ ১৬ বলে ১৫ ও রিশাদ হোসেন ১৫ বলে ১৪ রান করে দলের মান বাঁচিয়েছেন। পাকিস্তান শাহিনসের লেগস্পিনার উসামা মির ৪৩ রানে ৪ উইকেট নেন।
জবাব দিতে নেমে পাকিস্তান শাহিনস ১০ ওভারে ২ উইকেটে ৪২ রান তুলেছে। উইকেট দুটি নিয়েছেন নাহিদ রানা ও মেহেদী হাসান মিরাজ।
এর আগে প্রথম ১০ ওভারে বাংলাদেশ তুলেছিল ২ উইকেটে ৬০ রান। পরের ১০ ওভারে ১ উইকেট হারিয়ে টাইগাররা ৪৪ রান তুলতে সমর্থ হয়। পরের ১০ ওভারে আরো বিপর্যস্ত শান্তর দল। ৪ উইকেট হারিয়ে তারা মাত্র ৩৬ রান বোর্ডে যোগ করতে পেরেছে। ৩০ ওভারের মধ্যে ৭ উইকেট হারিয়ে বসায় স্কোরটা দুশতেই থেমে যায়।










