খোরশেদুর রহমানের হ্যাটট্রিকে
আজ এএইচএফ কাপ হকি টুর্নামেন্টে ওমানকে ৩-২ গোলে হারিয়েছে বাংলাদেশ। এ জয়ে ‘বি’
গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ হকি দল। গ্রুপ পর্বে
চার ম্যাচের সবকটিতে জিতে পূর্ণ ১২ পয়েন্ট আদায় করে লাল-সবুজরা।
এক ম্যাচ হেরে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ হয়ে ওমানও খেলবে সেমিফাইনাল।
সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কাজাখস্তান। দুটি সেমিফাইনালই আগামী ১৯ মার্চ।
শক্তির বিচারে বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে ওমান। র্যাংকিংয়ে যাদের অবস্থান
২৬তম আর বাংলাদেশ ৩৮তম। টার্ফের খেলাতে অবশ্য এই র্যাংকিংয়ের ব্যবধান ছিল না।
সমানে সমান লড়াই হয়েছে।
জাকার্তায় ম্যাচের ৮ মিনিটে
এগিয়ে যায় বাংলাদেশ। মিলন হোসেনের পুশে সারোয়োর হোসেনের থামানো বলে ড্র্যাগ ফ্লিকে
পোস্ট কাঁপান ডিফেন্ডার খোরশেদুর রহমান। দ্বিতীয় কোয়ার্টারে কোনো গোল হয়নি। ৩২
মিনিটে আল ফাজারি রাশেদ ম্যাচে গোল করে ওমানকে সমতায় ফেরান। ৪৮ মিনিটে ওমান
স্কোরলাইন ২-১ করে ফেলে। বাইত শামাইয়া মাহমুদের পাসে দারুণ একটি গোল করেন আল
লাওয়াতি ফাওয়াদ। গোলকিপার চেষ্টা করেও সেটি প্রতিহত করতে পারেননি।
বাংলাদেশ ম্যাচে ফেরার চেষ্টা
করতে করতে সফল হয় ৫৬ মিনিটে। পেনাল্টি কর্নার থেকে রাসেল মাহমুদ জিমির পুশে
সতীর্থের থামানো বলে খোরশেদ দারুণ গোল করে দলকে সমতায় ফেরান। ম্যাচ শেষ হওয়ার দুই
মিনিট আগে বাংলাদেশের জন্য আশীর্বাদ হয়ে আসে পেনাল্টি স্ট্রোক প্রাপ্তি। ৫৮ মিনিটে
পেনাল্টি স্ট্রোক থেকে খোরশেদুর রহমান তৃতীয় গোল করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।
এরই সঙ্গে দলের হয়ে এই টুর্নামেন্টে তৃতীয় হ্যাটট্রিকম্যানও হয়ে যান তিনি।










