বেঙ্গালুরু টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে ৪৬ রানে অলআউট হওয়ার পর ৮ উইকেটে হেরেছে ভারত। সেই ধকল কাটিয়ে না উঠতেই আবারো ব্যাটিং বিপর্যয় রোহিত শর্মার দলের। এবার একই দলের সঙ্গে চেন্নাই টেস্টেও প্রথম ইনিংসে ধুঁকছে স্বাগতিকরা। কিউইরা ২৫৯ রানে অলআউট হওয়ার পর ভারত ১০৩ রানে হারিয়েছে ৭ উইকেট। এ প্রতিবেদন লেখার সময় স্বাগতিক দলের সংগ্রহ ছিল ৭ উইকেটে ১৩৬ রান। তখনো কিউইদের প্রথম ইনিংস থেকে ১২৩ রানে পিছিয়ে ছিল ভারত। রবীন্দ্র জাদেজা ৩৮ ও ওয়াশিংটন সুন্দর ৪ রানে ব্যাট করছিলেন।

ভারতকে দারুণ এক ভিত গড়ে দিয়েছিলেন চেন্নাইয়ের দুই অফস্পিনার ওয়াশিংটন সুন্দর ও রবিচন্দ্র অশ্বিন। সুন্দর ৫৯ রানে ৭টি ও অশ্বিন ৬৪ রানে ৩টি উইকেট নেন। যদিও ভারতের ব্যাটিং বিপর্যয়ে তাদের দুর্দান্ত প্রচেষ্টা হয়তো বিফলেই যাবে।

কিউইরাও স্পিনে ঘায়েল করছে স্বাগতিক দলকে। পতন হওয়া প্রথম ৭ উইকেটের মধ্যে স্পিনার মিচেল স্যান্টনার ৪টি ও গ্লেন ফিলিপস ২টি নেন। বাকি উইকেটটি নেন পেসার টিম সাউদি।

লোকেশ রাহুলের জায়গায় একাদশে ফেরা শুবমন গিল ৭২ বলে ৩০ রান করে আউট হয়েছেন।

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ১ নভেম্বর শুরু হবে সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট।