টি২০ সিরিজে টানা দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের কাছে পরাজিত হলো বাংলাদেশ। তবে শুক্রবারের প্রথম ম্যাচে লড়াই করলেও আজ অসহায় আত্মসমর্পণ করে স্বাগতিকরা। আজো হারের কারণ ব্যাটিং ব্যর্থতা। বিশেষ করে বললে, শেষ ১০ ওভার। শেষ ১০ ওভারে ৪৪ রান তুলেছে মাহমুদউল্লাহর দল, যা কিনা টি২০তে বাংলাদেশের সর্বনিম্ন সংগ্রহ। এ সময় স্বাগতিক দলের ব্যাটাররা মাত্র দুটি বাউন্ডারি হাঁকাতে সমর্থ হয়! এটা প্রথম ম্যাচের সম্পূর্ণ বিপরীতে, যখন শেষ ১০ ওভার থেকে বাংলাদেশ তুলেছিল ৮৭ রান, যাতে ছিল সাতটি ছক্কা আর একটি চারের মার।
শোচনীয় ব্যাটিং ব্যর্থতায় ৮ উইকেটের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। টানা দুই হারের পর সোমবার শেষ ম্যাচটি রূপ নিল আনুষ্ঠানিকতায়।
টানা দ্বিতীয় হারে সিরিজ খোয়ানোর পর বাংলাদেশ দলনায়ক মাহমুদউল্লাহ বলেছেন, আমাদের শুরুটা ভালোই ছিল, আফিফ ও শান্ত ভালো ব্যাট করেছে। আমি ও শান্ত একটা পার্টনারশিপ তৈরির চেষ্টা করছিলাম, যদিও শেষ ওভারগুলো আমরা কাজে লাগাতে পারিনি। আমাদের মতো দলের জন্য ১৫তম ওভার পর্যন্ত খেলে যেতে পারে এমন সেট ব্যাটার থাকা উচিত, কিন্তু আমরা সেটি করতে পারিনি। অনুশীলনে ছেলেরা অনেক চেষ্টা করছে, ক্যাচ নিচ্ছে, আর সবকিছু ঠিকঠাক করছে। যদিও মাঠে সুযোগগুলো কাজে লাগাতে পারছে না।
বোলিং নিয়ে মাহমুদউল্লাহর মূল্যায়ন, আমি মনে করি, গত পাঁচ-ছয় মাস ধরে আমাদের বোলিং ছিল অবিশ্বাস্য; পেস ও স্পিন উভয় বিভাগই। এখন আমাদের ব্যাটিং ইউনিটকে ভালো পারফর্ম করতে হবে।
৫১ বলে ৫৭ রানের হার না মানা ইনিংস খেলে ম্যাচসেরা ফখর জামান বলেন, শুরুতে শট
খেলা খুব সহজ ছিল না, আমরা পার্টনারশিপ তৈরির চেষ্টা করেছি
এবং সফল হয়েছি। ভালোভাবে শেষ করতে পেরে আমরা খুশি। গতকালের চেয়ে এটা ভালো উইকেট
ছিল। খুব একটা আদর্শ নয়, তবে গতকালের (শুক্রবার)
চেয়ে ভালো।
তিনি আরো বলেন, যখন আপনি দেশের বাইরে খেলবেন, তখন জয় কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমরা এখন তৃতীয় ম্যাচটিও জিততে চাই।










