সব সময়ের মতোই আরেকবার আর্জেন্টিনার ত্রাতা লিওনেল মেসি। আজ শুক্রবার (৮ সেপ্টেম্বর) ভোরে বুয়েন্স আয়ার্সে একুয়েডরের বিপক্ষে ম্যাচে ৭৮ মিনিটে ফ্রি কিক থেকে মেসির করা গোলে বিশ্বকাপ বাছাইপর্বে শুভসূচনা করল বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

 

গত বছর ডিসেম্বরে কাতারের মাটিতে মেসির নেতৃত্বে বিশ্বকাপ জিতে নেয় আর্জেন্টিনা। বিশ্বকাপের সেরা খেলোয়াড় হন মেসি। তিনি এখন খেলেন ইন্টার মিয়ামিতে। আমেরিকান ক্লাবটিতে দুর্দান্ত ফর্মে থাকা মেসি এবার জাতীয় দলের জার্সিতেও উজ্জ্বল। ক্লাবের ফর্মটা তিনি টেনে আনলেন আন্তর্জাতিক ম্যাচেও।

 

আর্জেন্টিনার জার্সিতে এটা মেসির ১৭৬ ম্যাচে ১০৪তম গোল। এর মধ্যে বাছাইপর্বে করেছেন ২৯ গোল। বাছাইপর্বে উরুগুয়ের লুইস সুয়ারেজের সঙ্গে যুগ্মভাবে সর্বোচ্চ গোলদাতা তিনি।

 

আলবিসেলেস্তেরা একাধিকবার পোস্টে মারলে ও সুযোগ নষ্ট করতে থাকলে মনুমেন্টাল ডি নুনেজ স্টেডিয়ামের ৮৩ হাজার দর্শক বারবার হতাশ হচ্ছিলেন। অবশেষে মেসির ফ্রি কিকে স্বস্তি ফেরে স্টেডিয়ামে।

 

লাতিন অঞ্চলের বাছাইপর্বে আজ আরেক ম্যাচে কলম্বিয়া ১-০ গোলে হারিয়েছে ভেনেজুয়েলাকে। প্যারাগুয়ে ঘরের মাঠে পেরুর সঙ্গে গোলশূন্য ড্র করে।  

 

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল শনিবার ভোরে (৬টা ৪৫ মিনিট) প্রথম ম্যাচ খেলবে বলিভিয়ার বিপক্ষে। এদিন উরুগুয়ে মুখোমুখি হবে চিলির।

 

আর্জেন্টিনার পরের ম্যাচ ১২ সেপ্টেম্বর বলিভিয়ার মাঠে।