প্রথমবারের মতো ইউএস ওপেনে নারী এককের ফাইনালে উঠে গেলেন যুক্তরাষ্ট্রের ১৯ বছর বয়সী খেলোয়াড় কোকো গাফ। বাংলাদেশ সময় আজ শুক্রবার ভোরে অনুষ্ঠিত সেমিফাইনালে চেক রিপাবলিকের ক্যারোলিনা মুচোভাকে হারিয়ে ফাইনালে নাম লেখান তিনি। আরেক সেমিফাইনালে যুক্তরাষ্ট্রের ম্যাডিসন কিজকে হারান বেলারুশের আরিনা সাবালেঙ্কা। শনিবার নারী এককের ফাইনাল।

 

মুচোভাকে ৬-৪, ৭-৫ গেমে হারান কোকো। শনিবার তিনি প্রথম গ্র্যান্ড স্লাম শিরোপার লক্ষ্যে খেলতে নামবেন। ষষ্ঠ বাছাই কোকো এ নিয়ে দ্বিতীয়বার গ্র্যান্ড স্লামের ফাইনালে নাম লেখালেন। গত বছর ফ্রেঞ্চ ওপেন ফাইনালে তিনি হেরে যান পোল্যান্ডের ইগা সিয়ানতেকের কাছে।

 

আজ জয় শেষে টিনএজ তারকা বলেন, ‘আমি এই টুর্নামেন্টের খেলা দেখতে দেখতে বড় হয়েছি। এই অনুভুতি আলাদা। কিন্তু আমার কাজ এখনো শেষ হয়ে যায়নি।’


অল-আমেরিকান ফাইনাল হতে দেননি সাবালেঙ্কা। ম্যাডিসন কিজের কাছে হারতে হারতে জিতেছেন তিনি। প্রথম সেটটি ৬-০ গেমে জিতে নেন কিজ। পরের সেটেও কিজ লড়াই করার পর টাইব্রেকে হারেন। তৃতীয় সেটেও দুর্দান্ত লড়াই হয়। অবশেষে শীর্ষ র‍্যাংকধারী খেলোয়াড় হতে চলা সাবালেঙ্কা শেষ সেটে ৭-৬ (১০-৫) গেমের জয় তুলে নেন।