শ্রীলংকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ সামনে রেখে অনুশীলন শুরু
করেছে বাংলাদেশ ক্রিকেট দল। আজ সোমবার সকালে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী
স্টেডিয়ামে ঘাম ঝরিয়েছেন তামিম ইকবাল-মুমিনুল হকরা। দলের সদস্যদের মধ্যে
অনুশীলনে উপস্থিত ছিলেন না শুধু সাকিব আল হাসান। টিম ম্যানেজমেন্ট সূত্রে জানা
গেছে, সাকিব দুই দিনের ছুটি নিয়েছেন। আগামী বুধবার তার দলের সঙ্গে যোগ দেয়ার
কথা।
গত মাসে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল) খেলতে
যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছিলেন সাকিব। জানা যায়, লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে চারটি
ম্যাচ খেলার পর ফের যুক্তরাষ্ট্রে চলে যান দেশসেরা এই অলরাউন্ডার।
দলীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে যুক্তরাষ্ট্র থেকে দেশে
ফিরবেন তিনি। এরপর বুধবার দলের অনুশীলনে যোগ দেবেন তিনি।
টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে দুটি টেস্ট খেলতে গতকাল রোববার
দুপুরে ঢাকায় পা রেখেছে শ্রীলংকা ক্রিকেট দল। একই দিন বাংলাদেশ দলও যায়
চট্টগ্রামে। সোমবার প্রথম দিনের মতো অনুশীলনও করেছে মুমিনুলরা।
এদিকে আজ মিরপুর একাডেমি মাঠে অনুশীলন করে অতিথি শ্রীলংকা ক্রিকেট দল।
তারা আজ ও আগামীকাল বিকেএসপিতে দুইদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে বিসিবি একাদশের
বিপক্ষে।
চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ১৫ মে শুরু হবে সিরিজের প্রথম
টেস্ট। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ২৩ মে শুরু হবে সিরিজের
দ্বিতীয় ও শেষ টেস্ট।










