রোহিত শর্মা যেদিন খেলেন সেদিন ভারতের জন্য কোনো টার্গেটই আর কঠিন থাকে না। আজ রোববার কটকে সিরিজের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের ছুড়ে দেয়া ৩০৫ রানের টার্গেট ৩৩ বল ও ৪ উইকেট হাতে রেখেই ছুঁয়ে ফেলে ভারত। ৯০ বলে ১১৯ রানের রাজসিক ইনিংস খেলে ভারতের জয়ের নায়ক রোহিত শর্মা।

আগে ব্যাটিং করে জো রুট (৭২ বলে ৬৯) ও বেন ডাকেটের (৫৬ বলে ৬৫) ফিফটিতে ৪৯.৫ ওভারে ৩০৪ রান তুলে অলআউট হয় ইংল্যান্ড। ৩৫ রানে ৩ উইকেট নেন রবীন্দ্র জাদেজা। জবাব দিতে নেমে ওপেনিং জুটিতে শুবমন গিলকে নিয়ে ১৩৬ রান তুলে ভারতের কাজটা সহজ করে দেন রোহিত। গিল ৫২ বলে ৬০ রান করে ফিরে যান সাজঘরে। এরপর দলে ফেরা বিরাট কোহলিকে (৫) দ্রুতই হারায় ভারত।

তৃতীয় উইকেটে শ্রেয়াস আইয়ারকে নিয়ে ৭০ রান যোগ করে দলের সংগ্রহ দুশ পার করান রোহিত। এ পথে তিনি মাত্র ৭৬ বলে সেঞ্চুরি পূর্ণ করেন। এটা তার ৩২তম ওয়ানডে সেঞ্চুরি। এছাড়া ফিফটি করেছেন ৫৭টি। ৯০ বলে ১২ বাউন্ডারি ও ৭ ছক্কায় ১১৯ রান করে লিয়াম লিভিংস্টোনের শিকারে পরিণত হন রোহিত। এরপর শ্রেয়াস (৪৭ বলে ৪৪) ও অক্ষর প্যাটেলের (৪৩ বলে ৪১) ব্যাটে জয় নিশ্চিত করে ভারত।

এই জয়ে ২-০তে সিরিজ নিশ্চিত করেছে ভারত। বুধবার আহমেদাবাদে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ।