উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে অ্যাতলেটিকো মাদ্রিদের মাঠে শেষদিকে অ্যানথনি এলাঙ্গার গোলে হার এড়িয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। বুধবার দিবাগত রাতের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। শুরুতে স্বাগতিকদের এগিয়ে নেন জোয়াও ফেলিক্স। এদিকে পর্তুগালের ক্লাব বেনফিকা ও ডাচ ক্লাব আয়াক্সের ম্যাচটিও ২-২ গোলে ড্র হয়েছে।

এস্তাদিও ওয়ান্দা মেট্রোপলিটানোয় ম্যাচের সপ্তম মিনিটে অ্যাতলেটিকোকে এগিয়ে নেন পর্তুগিজ স্ট্রাইকার ফেলিক্স। রোনাল্ড লদির দারুণ ক্রসে ফেলিক্সের হেড সাইড বারে লেগে জালে জড়ায়। প্রথমার্ধের শেষ মিনিটে ভারসালস্কোর হেড ক্রসবারে লেগে ফিরে এলে ব্যবধান বাড়েনি অ্যাতলেতিকোর।

বিরতির পর ৮০ মিনিটে ম্যানচেস্টার ইউনাইটেডকে সমতায় ফেরান এলাঙ্গা। ব্রুনো ফার্নান্দেসের বাড়ানো পাস থেকে ডান পায়ের নিচু শটে জান ওবালাককে ফাঁকি দিয়ে লক্ষ্যভেদ করান সুইডিশ তারকা। উয়েফা চ্যাম্পিয়নস লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের এটি ৫০০তম গোল। চতুর্থ দল হিসেবে ৫০০ গোলের মাইলফলক স্পর্শ করল ম্যানইউ। এর আগে রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ ও বার্সেলোনা এ মাইলফলক স্পর্শ করেছে।

আগামী ১৬ মার্চ ওল্ড ট্রাফোর্ডে দ্বিতীয় লেগে লড়বে এ দুই দল। সে ম্যাচে যারা জিতবে তারাই শেষ আট নিশ্চিত করবে।