ত্রয়োদশ নারী ওয়ানডে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার মেয়েদের মাত্র ৬৯ রানে অলআউট করার পর ৩৫ ওভারেরও বেশি বল হাতে রেখে জিতেছে তিনবারের সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড!

আসামের গুয়াহাটিতে গতকাল টস জিতে বোলিং বেছে নেয়া ইংলিশ নারীরা প্রতিপক্ষকে শুরু থেকেই চেপে ধরে। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে প্রোটিয়ারা ২০.৪ ওভারে ৬৯ রান তুলে অলআউট। জবাব দিতে নেমে ১৪.১ ওভারে ১০ উইকেটের বিশাল জয় তুলে নেয় ইংল্যান্ড। এমি জোনস ৫০ বলে ৪০ ও ট্যামি বিউমন্ট ৩৫ বলে ২১ রান করে অপরাজিত থাকেন।

এর আগে দলীয় ৯ রানে অধিনায়ক লরা উলভার্টকে সাজঘরের পথ দেখান লিনসে স্মিথ। এরপর ১২ রানে তাজমিন ব্রিটস, ১৭ রানে সুনে লাস, ১৯ রানে মারিয়ানে ক্যাপ, ৩১ রানে আন্নেকে বশ, ৩৮ রানে চোল ট্রায়ন, ৪৮ রানে নাদিনে ক্লার্ক, ৬০ রানে মাসাবাটা ক্লাস, ৬০ রানে সিনালো জাফটা ও ৬৯ রানে ননকুলুলেকো এমবালা সাজঘরে ফেরেন। প্রোটিয়া ইনিংসে সর্বোচ্চ জুটি ছিল ১২ রানের।