আইসিসি টি২০ বিশ্বকাপে আজ দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে পাকিস্তানকে ৪
উইকেটে হারিয়েছে ভারত। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে আগে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ১৫৯ রান তোলে পাকিস্তান। রান
তাড়া করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়লেও বিরাট কোহলির বীরত্বে শেষ বলে জয় নিয়ে মাঠ
ছাড়ে ভারত। কোহলি ৫৩ বলে ৮২ রানে অপরাজিত থাকেন।
উল্লেখ্য,
টি২০ বিশ্বকাপে
ছয়বারের মোকাবেলায় এটা ভারতের পঞ্চম জয়। আর টি২০ ও ওয়ানডে মিলে বৈশ্বিক আসরে ১৩
বারের মুখোমুখিতে ১২ বারই জয়ের গৌরব অর্জন করল ভারত।
আজ টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় ভারত। উত্তেজনাপূর্ণ এ ম্যাচে
১৫ রানের মধ্যে বিদায় নেন পাকিস্তানের দুই ওপেনার বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান।
এরপর ইফতিখার আহমেদ ও শান মাসুদের লড়াই পাকিস্তানকে ম্যাচে ফেরায়। ইফতিখার ৩৪ বলে
৫১ ও শান মাসুদ ৪২ বলে ৫২ রান করেন। শেষ দিকে শাহিন শাহ আফ্রিদি ৮ বলে ১৬ রানের
ঝড়ো ইনিংস খেলে পাকিস্তানকে ১৫৯ রানের পুঁজি এনে দেন।
১৬০ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ৩১ রানের মধ্যে চার উইকেট হারিয়ে
বিপদে পড়ে ভারত। ১০ ওভারশেষে তাদের সংগ্রহ ছিল চার উইকেটে মাত্র ৪৫। এরপর বিরাট
কোহলি ও হার্দিক পান্ডিয়া ৭৮ বলে ১১৩ রানের অনবদ্য এক জুটিতে ভারতকে জয়ের রেসে
রাখেন। শেষ দুই ওভারে ভারতকে করতে হতো ৩১ রান। ১৯তম ওভারে কোহলির নৈপুন্যে ১৫ রান
তোলে ভারত। তাতে শেষ ওভারে প্রয়োজন পড়ে ১৬ রান। যদিও ২০তম ওভারের প্রথম বলে
পান্ডিয়াকে সাজঘরে ফিরিয়ে ম্যাচ জমিয়ে দেন স্পিনার মোহাম্মদ নওয়াজ। এ সময় ম্যাচের
ভাগ্য যেন পেন্ডুলামের সুতার মতোই দুলছিল। যদিও শেষ হাসি হাসলেন কোহলিরাই।
শেষ তিন বলে ১৩ রান লাগতো ভারতের। স্নায়ুর লড়াইয়ের মুহূর্তে চতুর্থ
বলটি ‘নো’ করেন নওয়াজ, যা থেকে ছক্কায় আদায় করে নেন কোহলি। ৩ বলে ১৩ থেকে সমীকরণ দাঁড়ায় ৩ বলে
৬! ‘ফ্রি হিট’ বলটি ‘ওয়াইড’ দেন নার্ভাস নওয়াজ। সমীকরণ নেমে আসে ৩ বলে ৫।
চতুর্থ বলে কোহলিকে বোল্ড করেন নওয়াজ, যদিও এটি
‘ফ্র হিট’ বল বিবেচনায় তিনি বোল্ড হননি এবং
কোহলি ও দিনেশ কার্তিক দৌড়ে তিন রান তুলে নেন।
নাটক যে তখনো শেষ হয়নি। শেষ ২ বলে দুই রান প্রয়োজন ভারতের, কিন্তু পঞ্চম বলে রানআউট দিনেশ! তাতে ফের আশা জাগে পাকিস্তানের।
কিন্তু ষষ্ঠ বলটি
‘ওয়াইড’ দিলে সেই আশার ফের সমাধি ঘটে। নতুন
ব্যাটার রবিচন্দ্র অশ্বিন ষষ্ঠ বলটি একটু জায়গা করে নিয়ে মিড-অফে মেরে এক রান তুলে নিয়েই শুন্যে
লাফিয়ে উদযাপন শুরু করেন। কেননা এই রানেই যে ভারতের জয় নিশ্চিত হয়ে যায়।










