পঞ্চদশ এশিয়া কাপ ক্রিকেটের ফাইনালে টস জিতে ফিল্ডিং বেছে নিলেন পাকিস্তান দলনায়ক বাবর আজম। দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ‘টস জয় মানেই ম্যাচ জয়’—চলতি আসরে এটাই প্রমাণিত। টস জিতে আগে ফিল্ডিং বেছে নিলে জয় প্রায় নিশ্চিত। এই চিন্তা থেকেই আজ টস জিতেই শ্রীলংকাকে ব্যাটিংয়ে পাঠিয়েছে পাকিস্তান।


টস শেষে বাবর আজম বলেন, আমাদের আত্মবিশ্বাস তুঙ্গে। একটি দল হিসেবে আপনারা ফাইনালে উঠতে ও এটি জিততে চাইবেন। একটি দল হিসেবে আমরা ভালো খেলে এসেছি। প্রতিটি ম্যাচেই আমরা নতুন একজন ম্যাচসেরা পেয়েছি। প্রত্যেকেই এগিয়ে এসেছে। দলে কোনো চোট নেই। শাদাব ও নাসিম ফিরেছে উসমান ও হাসানের জায়গায়।


সুপার ফোরের শেষ ম্যাচে পাকিস্তানকে হারিয়ে দেয়া শ্রীলংকা আত্মবিশ্বাস নিয়েই আজ নামছে। টস শেষে দলটির অধিনায়ক দাসুন শানাকা বলেন, টস জিতলে আমারও আগে বোলিংই নিতাম। কিন্তু ব্যাটিং নিয়েই আমরা খুশি, কেননা এটা ফাইনাল। আমরা ভালো ক্রিকেট খেলে এসেছি, এটি ধরে রাখতে চাই। ব্যাটাররা দায়িত্ব নিচ্ছে, যা আমাদের জন্য ইতিবাচক। বোলাররাও। বিশ্বকাপের আগে দারুণ ক্রিকেট। রেকর্ড আমাদের ভালো, কাজেই আরেকটি শিরোপার আশায় আছি আমরা।


দলে কোনো পরিবর্তন নেই বলে জানান শানাকা।   

 

এশিয়া কাপে শ্রীলংকা পাঁচবারের চ্যাম্পিয়ন, আর পাকিস্তান শিরোপা জিতেছে দুবার। সিংহলিজরা আজ ষষ্ঠ আর পাকিস্তান তৃতীয় শিরোপার লক্ষ্যে খেলছে।


সুপার ফোরে ভারতকে হারিয়ে হট ফেভারিট হিসেবে আবির্ভুত হয় পাকিস্তান। যদিও এরপর আফগানিস্তানের সঙ্গে কোনোমতে হার এড়ানো ও শ্রীলংকার কাছে পরাজয়ে ব্যাকফুটে চলে যায় বাবর আজমের দল।


উল্টোটা ঘটেছে শ্রীলংকার ক্ষেত্রে। প্রথম ম্যাচে আফগানিস্তানের কাছে উড়ে যাওয়া লংকানরা বাংলাদেশকে হারিয়ে ওঠে সুপার ফোরে। দাসুন শানাকার দল এরপর রীতিমতো উড়ছে। সুপার ফোরে তারা আফগানিস্তান, ভারত ও পাকিস্তান তিন দলকেই হারায়। সাদামাটা দল নিয়ে আরব আমিরাত যাওয়া সিংহলিজরাই এখন শিরোপার সবচেয়ে বড় দাবিদার হয়ে উঠেছে।