রোমেলু লুকাকুর একমাত্র গোলে সৌদি আরবের ক্লাব আল হিলালকে ১-০ গোলে হারিয়ে ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিল ইংলিশ ক্লাব চেলসি। শ্রেষ্ঠত্বের লড়াইয়ে ফাইনালে চেলসির প্রতিপক্ষ ব্রাজিলের ক্লাব পালমেইরাস। আগামী শনিবার বাংলাদেশ সময় রাত ১০টা ৩০ মিনিটে ফাইনাল ম্যাচটি শুরু হবে।

এ নিয়ে দ্বিতীয়বারের মতো ক্লাব বিশ্বকাপের ফাইনালে উঠল চেলসি। এর আগে ২০১২ সালে ফাইনালে খেললেও ব্রাজিলিয়ান ক্লাব করিন্থিয়াসের কাছে হেরে শিরোপা স্বপ্ন ভঙ্গ হয়েছিল চেলসির।

বুধবার রাতে আবুধাবির মোহাম্মদ বিন জায়েদ স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনালে প্রধান কোচ টমাস টুখেল কোভিড আক্রান্ত হওয়ায় এ ম্যাচে চেলসির ডাগআউটে দাঁড়ান সহকারী কোচ সল্ট জো। ম্যাচে ৫৪ শতাংশ বল দখলের পাশাপাশি ১৫টি শট নেয় চেলসি। বিপরীতে আল হিলার শট নেয় ১২টি।

পুরো ম্যাচেই চেলসির সঙ্গে সমানে সমান খেলে সৌদির ক্লাবটি। জয়সূচক গোলটি আসে খেলার ৩২ মিনিটে। বাঁ দিকে বক্সে দারুণভাবে বল নিয়ন্ত্রণ নিয়ে গোলমুখে ঠেলে দেন কাই হ্যাভার্টস। সেখানে আল হিলালের এক ডিফেন্ডার হেডে ক্লিয়ার করার চেষ্টা করলে বল পেয়ে যান লুকাকু। সেখান থেকে ডান পায়ের শটে বল জালে জড়ান এই বেলজিয়ান ফরোয়ার্ড।