উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে স্পেনের সর্বোচ্চ পাঁচটি দল অংশ নেবে। লা লিগার শীর্ষ চার দল বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, অ্যাটলেটিকো মাদ্রিদ ও রিয়াল সোসিয়েদাদ ছাড়াও ইউরোপা লিগ চ্যাম্পিয়ন হিসেবে এবার চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ পেয়েছে সেভিয়া। ড্রতে এ পাঁচটি দলের জন্যই ভাগ্য সুপ্রসন্ন ছিল।
রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকো মাদ্রিদ বড় কোনো দলের গ্রুপে পড়েনি। রিয়াল পেয়েছে ইতালির ন্যাপোলিকে, আর অ্যাটলেটিকো পেয়েছে নেদারল্যান্ডসের ফেইনুর্ডকে। বার্সেলোনাও কঠিন কোনো প্রতিপক্ষ পায়নি। তেমনি সেভিয়া ও সোসিয়েদাদও অনেকটাই ভাগ্যবান। তাদের প্রত্যেকেরই নকআউটে যাওয়ার ভালো সুযোগ আছে।
পাঁচবারের ইউরোপিয়ান চ্যাম্পিয়ন বার্সেলোনা ‘এইচ’ গ্রুপে পেয়েছে এফসি পোর্তো, শাখতার দোনেৎস্ক ও রয়্যাল অ্যান্টওয়ার্পকে। পর্তুগিজ দল পোর্তোকে খুব শক্তিশালী মনে হচ্ছে না। ইউক্রেনিয়ান দল শাখতার তাদের ম্যাচ খেলবে জার্মানির হামবুর্গে। আর বেলজিয়ান দল অ্যান্টওয়ার্প এ প্রথম খেলবে চ্যাম্পিয়ন্স লিগে। কাজেই গত দুই মৌসুমে ব্যর্থ হলেও এবার গ্রুপ পর্ব উতরানোর ভালো সুযোগ এসেছে কাতালানদের সামনে।
রেকর্ড ১৪ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের ভয় ছিল তাদের সামনে পড়তে পারে ম্যানসিটি, পিএসজি ও বায়ার্নের মধ্যে কোনো একটি দল। কিন্তু তারা অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষই পেয়েছে। ন্যাপোলি ৩৩ বছর পর ইতালির লিগ চ্যাম্পিয়ন হয়েছে। এছাড়া পর্তুগিজ দল ব্রাহা ও জার্মানির নবাগত ইউনিয়ন বার্লিন রিয়ালের সামনে খড়কুটোর মতোই উড়ে যাওয়ার কথা।
বর্তমান চ্যাম্পিয়ন ম্যানসিটির পথ অনেকটাই মসৃণ হতে পারে। ‘জি’ গ্রুপে তারা খেলবে জার্মানির আরবি লিপজিগ, সার্বিয়ার রেড স্টার বেলগ্রেড ও সুইস দল ইয়াং বয়েজের বিপক্ষে। কোনো অঘটন না হলে এ গ্রুপ থেকে নকআউট পর্বে ওঠা পেপ গার্দিওলার দলের জন্য খুব কঠিন হবে না।
ইংলিশ প্রিমিয়ার লিগের রানার্সআপ আর্সেনাল ২০১৬-১৭ মৌসুমের পর চ্যাম্পিয়ন্স লিগে ফিরেছে। গানাররা এবার ‘বি’ গ্রুপে খেলবে ডাচ ক্লাব আইন্দহোফেন, ইউরোপা লিগ চ্যাম্পিয়ন স্পেনের সেভিয়া ও ফরাসি লিগের রানার্সআপ আরসি লেন্সের বিপক্ষে।
ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড মুখোমুখি হবে ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের দল জার্মানির বায়ার্ন মিউনিখের। এছাড়া ড্যানিশ দল এফসি কোপেনহেগেন ও তুর্কি দল গ্যালাতাসারে তাদের প্রতিপক্ষ। ১৯৯৯ সালে ফাইনালে মুখোমুখি হয়েছিল ম্যানইউ ও বায়ার্ন। সেই ম্যাচের পুনরাবৃত্তি হতে চলেছে এবার। এ গ্রুপ থেকে বায়ার্ন ও ম্যানইউ নকআউটে ওঠার রেসে এগিয়ে থাকবে।
ইংল্যান্ডের চতুর্থ দল হিসেবে নিউক্যাসল এবার চ্যাম্পিয়ন্স লিগে প্রতিদ্বন্দ্বিতা করবে। ২০০২-০৩ মৌসুমের পর এ প্রথম চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে খেলবে দলটি। ‘এফ’ গ্রুপে তাদের প্রতিপক্ষ ফরাসি জায়ান্ট পিএসজি, ১৯৯৭ সালের চ্যাম্পিয়ন জার্মানির বরুশিয়া ডর্টমুন্ড ও সাতবারের চ্যাম্পিয়ন ইতালির এসি মিলান। তাদের তিন প্রতিপক্ষ গত ১৬ বছরের মধ্যে অন্তত একবার ফাইনাল খেলেছে। গ্রুপ পর্ব থেকে নকআউটে ওঠা ম্যাগপাইদের জন্য কঠিন হতে পারে।
গ্রুপ পর্বের খেলা ১৯ সেপ্টেম্বর শুরু হয়ে চলবে ১৩ ডিসেম্বর পর্যন্ত। আগামী বছর ১ জুন ওয়েম্বলিতে ফাইনাল।










