বর্তমান চ্যাম্পিয়ন চেলসি আর রেকর্ড ১৩ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ এবারের চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে। শুক্রবারের ড্রতে এমনই ভাগ্য নির্ধারণ হয়েছে দুই দলের। ফলে গতবার সেমিফাইনালে ব্লুজদের কাছে হারের প্রতিশোধ নেয়ার সুযোগ পাচ্ছে স্প্যানিশ জায়ান্টরা।

আরেক ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি খেলবে স্পেনের অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে, ইউরোপিয়ান জায়ান্ট লিভারপুল সামনে পেয়েছে পর্তুগালের বেনফিকাকে ও জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখের প্রতিপক্ষ স্পেনের ভিলারিয়াল।

এ ড্রয়ের ফলে চেলসির মুখোমুখি হবেন তাদেরই সাবেক কোচ কার্লো অ্যানচেলত্তি। ২০০৯ থেকে ২০১১ পর্যন্ত কোচ থাকাকালে চেলসিকে ইংলিশ প্রিমিয়ার লিগ ও এফএ কাপ ডাবল জিতিয়েছেন তিনি।

তিনটি চ্যাম্পিয়নস লিগজয়ী গর্বিত তিন কোচের একজন অ্যানচেলত্তি। ২০১৪ সালে তিনি রিয়ালের হয়ে ইউরোপের মুকুট জয় করেন। এভারটন ছেড়ে গত গ্রীষ্মে আবার রিয়ালের কোচ হয়ে ফেরেন এ ইতালিয়ান। এবার তিনি রিয়ালকে রেকর্ড ১৪তম ইউরোপিয়ান শিরোপার স্বপ্ন দেখাচ্ছেন। লিওনেল মেসি, নেইমার ও কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে গড়া প্যারিস সেন্ট জার্মেইকে বিদায় করে দেয়া রিয়াল এবারো শিরোপার বড় দাবিদার হয়ে উঠেছে।

গত মৌসুমে সেমিফাইনালে মুখোমুখি হয় চেলসি ও রিয়াল। সেবার টমাস টুখেলের দল দুই লেগ মিলিয়ে ৩-১ গোলে রিয়ালকে হারিয়ে ফাইনালে ওঠে। অল-ইংলিশ ফাইনালে তারা ম্যানসিটিকে হারিয়ে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়নস লিগ মুকুট জয় করে। এবার সেই হারের প্রতিশোধ তুলে নেয়ার সুযোগ রিয়ালের সামনে। অবশ্য রেকর্ড চেলসিকে এগিয়ে রাখবে। অতীতে পাঁচবারের মুখোমুখিতে কখনই রিয়ালের কাছে হারেনি লন্ডন জায়ান্টরা।

সেমিফাইনালে মুখোমুখি হতে পারে গত আসরের ফাইনালিস্ট চেলসি ও ম্যানচেস্টার সিটি কিংবা হতে পারে রিয়াল ও অ্যাতলেটিকোর মধ্যে মাদ্রিদ ডার্বি। অন্য সেমিফাইনালে দেখা হয়ে যেতে পারে লিভারপুল ও বায়ার্ন মিউনিখের, যদি শেষ আটে কোনো অঘটন না হয়।

ইয়ুর্গেন ক্লোপের দল এবার গৌরবময় চার শিরোপা জিততে চায়। এরই মধ্যে কারাবাও কাপ জিতে নেয়া অল রেডরা প্রিমিয়ার লিগ, এফএ কাপ ও চ্যাম্পিয়নস লিগেও শিরোপাপ্রত্যাশী। প্রিমিয়ার লিগে সিটির সঙ্গে তাদের ১ পয়েন্টের ব্যবধান মাত্র।

কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ ৫-৬ এপ্রিল ও ১২-১৩ এপ্রিল, আর সেমিফাইনালের প্রথম লেগ অনুষ্ঠিত হবে ২৬ ও ২৭ এপ্রিল এবং দ্বিতীয় লেগ ৩ ও ৪ মে। ২৮ মে প্যারিসের স্টাডে ডি ফ্রান্স স্টেডিয়ামে এবারের চ্যাম্পিয়নস লিগ ফাইনাল।

ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা খেলবে জার্মান ক্লাব এনট্র্যাখট ফ্রাংকফুর্টের বিপক্ষে। জার্মানির আরেক দল আরবি লিপজিগ মুখোমুখি হবে ইতালির আটালান্টার। এছাড়া ইংলিশ ক্লাব ওয়েস্ট হাম খেলবে লিওঁর বিপক্ষে, আর পর্তুগিজ দল স্পোর্টিং ব্রাহার প্রতিপক্ষ স্কটল্যান্ডের রেঞ্জার্স। বিবিসি, মার্কা