বিদায়ী প্রেসিডেন্ট টমাস বাখকে ২০২৪ সালে আয় ও ব্যয় হিসেবে মোট ৩ লাখ ৫০ হাজার ডলার (৪ কোটি ২৮ লাখ টাকা) দিয়েছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)। আইওসি প্রেসিডেন্ট হিসেবে এটাই ছিল জার্মান নাগরিকের শেষ পূর্ণ বছর। আগামীকাল নতুন প্রেসিডেন্ট হিসেবে আট বছরের জন্য দায়িত্ব নিতে যাচ্ছেন সাবেক অলিম্পিক সাঁতারু জিম্বাবুয়ের ক্রিস্টি কভেন্ট্রি। তিনিই প্রথম নারী হিসেবে আইওসির প্রেসিডেন্ট হচ্ছেন।

টমাস বাখকে প্রদান করা অংকের মধ্যে ৩ লাখ ১৭ হাজার ডলার (৩ কোটি ৮৭ লাখ টাকা) রয়েছে বেতন বাবদ, অলিম্পিকের ভাষায় যাকে বলা হয় ‘ক্ষতিপূরণ’। ফুটবল গভর্নিং বডি ফিফার তুলনায় অলিম্পিক প্রধানের এ সম্মানী খুবই কম। ফিফা প্রেসিডেন্টের ১০ শতাংশেরও কম সম্মানী পান আইওসি প্রেসিডেন্ট! ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফ্যান্তিনো গত এক বছরে বেতন ও বোনাস হিসেবে পেয়েছেন ৫২ লাখ ডলার (প্রায় ৬৩ কোটি ৬৩ লাখ টাকা)। তিনি আবার আইওসিরও সদস্য এবং চাইলে প্রতি বছর অফিস খরচ হিসেবে ৭ হাজার ডলার ও অলিম্পিকের কাজে দৈনিক ভাতা হিসেবে ৪৫০ ডলার দাবি করতেই পারেন।

পূর্ণকালীন নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করা ৭১ বছর বয়সী বাখকে আইওসি অবশ্য ‘ভলান্টিয়ার’ হিসেবে বিবেচনা করেছে। ৪১ বছর বয়সী কভেন্ট্রি অফিশিয়ালি ভলান্টিয়ার হিসেবে দায়িত্ব পালন করবেন, নাকি বেতনভুক্ত হবেন, সেটি পরিষ্কার নয়। আইওসির নির্বাচনে সাত প্রার্থীকে হারিয়ে জয়লাভ করার আগে জিম্বাবুয়ের ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব পালন করেছেন অলিম্পিক সাঁতারে দুইবারের স্বর্ণজয়ী এ নারী।

এবার দেখা যাক, ইউরোপের ফুটবল গভর্নিং বডি উয়েফার প্রেসিডেন্টের আয় কত। ৫৭ বছর বয়সী স্লোভেনিয়ান আইনজীবী আলেক্সান্ডার সেফেরিন কাজ করছেন উয়েফা প্রেসিডেন্ট হিসেবে। গত বছর তিনি ৪৩ লাখ ডলার (প্রায় ৫২ কোটি ৬১ লাখ টাকা) আয় করেছেন, যার মধ্য থেকে তাকে আয়কর পরিশোধ করতে হয়েছে। এর মধ্যে ফিফার অন্যতম ভাইস প্রেসিডেন্ট হিসেবে তিনি পেয়েছেন ৩ লাখ ডলার (৩ কোটি ৬৭ লাখ টাকা)।

প্রেসিডেন্টকে ক্ষতিপূরণ কিংবা বেতন হিসেবে কত অর্থ দেয়া যায়, সেই বিষয়টি বছর শেষে রিভিউ করবে আইওসি। আইওসির ইথিকস কমিটির সিদ্ধান্ত মোতাবেক বাখকে ক্ষতিপূরণ দেয়া হয়েছে। এখানে নীতি হলো প্রেসিডেন্টের পদটি কোনোভাবেই আর্থিকভাবে লাভজনক নয়।

২০২০ সালে বাখকে ২ লাখ ৫৯ হাজার ডলার দিয়েছে আইওসি। ২০২১ সালে পুনর্নির্বাচিত হলে তা বাড়িয়ে করা হয় ৩ লাখ ১৭ হাজার ডলার। দায়িত্বের শেষ বছর পর্যন্ত তিনি এ অংকই পেয়েছেন। আর একদিন পরই তার ১২ বছরের অধ্যায় শেষ হবে।

সেপ ব্ল্যাটারের সময় ফিফা বড় ধরনের আর্থিক কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ে। এর পর থেকে প্রতিটি ক্রীড়া সংস্থা তাদের আর্থিক খতিয়ান প্রকাশ করে আসছে। তারই ধারাবাহিকতায় আইওসি জানিয়ে দিল, সভাপতি হিসেবে টমাস বাখ কতটা আর্থিক সুবিধা নিয়েছেন। সূত্র: এপি