নিরাপত্তা শঙ্কায় ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত বদলানোর কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। গতকাল হোটেল ইন্টারকন্টিনেন্টালে ক্রিকেটারদের সঙ্গে বৈঠকের পর ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল সাংবাদিকদের জানান, সরকারের সিদ্ধান্ত স্পষ্ট—বাংলাদেশ দল ভারতে বিশ্বকাপ খেলবে না। তিনি বলেন, ‘আমরা আইসিসি থেকে সুবিচার পাইনি। আশা করব, আইসিসি আমাদের নিরাপত্তা-সংক্রান্ত উদ্বেগ বিবেচনায় নিয়ে শ্রীলংকায় খেলার আবেদন মেনে নেবে।’
আসিফ নজরুল বলেছেন, ‘আমাদের যে নিরাপত্তা ঝুঁকি ভারতে খেলার ক্ষেত্রে, সেই নিরাপত্তা ঝুঁকি পরিস্থিতির কোনো পরিবর্তন ঘটেনি। আমাদের যে নিরাপত্তা ঝুঁকির আশঙ্কা তৈরি হয়েছে, এটা কোনো বায়বীয় বিশ্লেষণ বা ধারণা থেকে হয়নি। এটা একটা সত্যিকারের ঘটনা থেকে হয়েছে। যেখানে আমাদের দেশের একজন সেরা খেলোয়াড়কে উগ্রবাদীদের কাছে মাথা নত করে ভারতীয় ক্রিকেট বোর্ড তাকে ভারত থেকে বের করে দিয়েছে—সোজা কথা, বের করে দিতে বলেছে।’
এর পরই নিজের যুক্তি তুলে ধরে আইসিসির দিকে আঙুল তাক করে আসিফ নজরুল বলেছেন, ‘আমরা ওই ঘটনার পর কী এমন পরিবর্তন হয়েছে ভারতের, যাতে ভাবতে পারব আবার কোনো উগ্রবাদীর আস্ফালন হবে না। ভারত মুস্তাফিজকে নিরাপত্তা দিতে পারেনি, আমাদের ক্রিকেটারদের, সাংবাদিকদের, দর্শকদের সবাইকে নিরাপত্তা দিতে পারবে—এটা আমরা কী থেকে সুনিশ্চিত হব। আমাদের নিশ্চয়তা দেয়ার জন্য আইসিসি কোনো চেষ্টা করেনি। আইসিসি আসল যে ইনসিডেন্ট সেগুলা বাদ দিয়ে স্ট্যান্ডার্ড যেসব প্রক্রিয়া সেসব নিয়ে আলোচনা করেছে।’
তিনি বলেন, ‘এমনকি ভারত সরকারের পক্ষ থেকে আমাদের নিশ্চয়তা দেয়ার যে চেষ্টা করা, কোনো রকম যোগাযোগের চেষ্টা করেনি। ফলে আমাদের সিদ্ধান্ত পরিবর্তনের ক্ষেত্রে কোনো সুযোগ নেই। আমরা এখনো আশা করব আইসিসি সুবিচার করবে। যেটা শ্রীলংকায় খেলার যে অধিকার, এ রকম বহু নজির পৃথিবীতে রয়েছে। আমাদের ভারতে জেনুইন সিকিউরিটি রিস্ক আছে। আমরা এখনো আশা ছাড়িনি। আমরা আশা করব আইসিসি আমাদের নিরাপত্তা ঝুঁকির বিষয়টা সুবিবেচনায় নিয়ে আমাদের শ্রীলংকায় খেলার সুযোগ করে দেবে।’
তার পরই ক্রিকেটারদের সঙ্গে বৈঠক নিয়ে আসিফ নজরুল বলেন, ‘তাদের সঙ্গে আলাপের কথা সাংবাদিকদের বলব না। এটা আমাদের মধ্যকার ব্যাপার। শুধু এটুকু বলব, তাদের জানানো হয়েছে সরকার কেন এ সিদ্ধান্ত নিয়েছে, সেটা তাদের ব্যাখ্যা করে বুঝিয়ে বলা। আমার কাছে মনে হয়েছে তারা বুঝতে পেরেছে।’
ক্রীড়া উপদেষ্টার পর সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম। তিনি বলেন, ‘আমরা আমাদের মতো চেষ্টা করে যাব। আমরা এখনো হাল ছেড়ে দিচ্ছি না। আমরা আবার আজকে যোগাযোগ করব আরো কিছু জিনিস নিয়ে এবং চেষ্টা করে যাচ্ছি যেন আমাদের ছেলেরা বিশ্বকাপ খেলতে পারে। আমাদের একটাই চাহিদা, আমরা বিশ্বকাপ খেলতে চাই। এ মুহূর্তে আমরা ভারতে যেতে চাই না, আমরা শ্রীলংকার মাটিতে বিশ্বকাপ খেলতে চাই। আমরা এখনো তৈরি, আমাদের দল তৈরি আছে।’
তিনি আরো বলেন, ‘বাংলাদেশের মতো ক্রিকেটপাগল দেশ যদি এ বিশ্বকাপে না খেলে, তাহলে আইসিসি বড় একটা মিস করবে। যেখানে ভারত কমনওয়েলথ গেমসের জন্য চেষ্টা করছে, সেখানে বাংলাদেশের মতো জনবহুল ক্রিকেটপাগল দেশ না যায়, তাহলে সেটা মনে হচ্ছে আয়োজকদের বড় ব্যর্থতা।’










