আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে ৬ উইকেটে হেরেছে বাংলাদেশ। গতকাল দুবাইতে আগে ব্যাটিংয়ে নেমে ৩৫ রানে ৫ উইকেট হারানোর পর ১৫৪ রানের জুটিতে বাংলাদেশকে ২২৮ রানের পুঁজি এনে দেন তাওহীদ হৃদয় ও জাকের আলী অনিক। হৃদয় করেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। যদিও পরে শুবমন গিল হার না মানা সেঞ্চুরিতে জিতিয়েছেন ভারতকে।
রোববার দুবাইতে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে ভারত। পরদিন রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ।
হৃদয় (১১৮ বলে ১০০) কাল খেললেন হৃদয় দিয়েই। দলের বিপদে দেয়াল হয়ে দাঁড়িয়ে আন্তর্জাতিক ক্রিকেটে নিজের প্রথম সেঞ্চুরি তুলে নেন। জাকের আলী করেন ১১৪ বলে ৬৮ রান। ২০৬ বল খেলে বোর্ডে ১৫৪ রান যোগ করে তারা মান বাঁচান দলের।
২০২৩ বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড গড়া মোহাম্মদ শামি সম্প্রতি ওয়ানডে দলে ফিরে ইংল্যান্ডের বিপক্ষে হোম সিরিজে দুই ম্যাচে মাত্র ২ উইকেট নেন। তবু তার ওপর আস্থা রাখে দল। তিনি আস্থার প্রতিদান দিলেন কাল ৫৩ রানে ৫ উইকেট শিকার করে। এছাড়া পেসার স্পিনার অক্ষর প্যাটেল তিনটি ও পেসার হরষিত রানা দুটি উইকেট নেন।










