বাংলাদেশের হয়ে টেস্টে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ডটা আগেই
নিজের করে নিয়েছেন মুমিনুল হক। আজ সেটি আরেকটু সংহত করলেন। কানপুর টেস্টে দ্বিতীয় ও
তৃতীয় দিনের খেলা বৃষ্টিতে পণ্ড হওয়ার পর আজ চতুর্থ দিন আলো ঝলমলে পরিবেশে খেলা মাঠে
গড়িয়েছে। প্রথম সেশনে মুমিনুল হক দারুণ এক সেঞ্চুরি তুলে নিলেও বাংলাদেশ হারিয়েছে ৩
উইকেট। ৬ উইকেটে ২০৫ রান নিয়ে লাঞ্চ বিরতিতে যায় সফরকারীরা।
এটা মুমিনুলের ১৩তম ও দেশের বাইরে দ্বিতীয় সেঞ্চুরি। ১৭৬
বলে ১৬ বাউন্ডারি ও ১ ছক্কায় ১০২ রান নিয়ে বিরতিতে যান মুমিনুল। তার সঙ্গে ৬ রান নিয়ে
অপরাজিত মেহেদী হাসান মিরাজ।
প্রথম সেশনের শেষ ওভারে স্পিনার রবিচন্দ্র অশ্বিনকে বাউন্ডার
মেরে সেঞ্চুরি পূর্ণ করেন মুমিনুল। প্রথম সেশনে খেলা হয়েছে মোট ৩১ ওভার। তাতে ৩ উইকেট
হারিয়ে ৯৮ রান যোগ করে বাংলাদেশ।
প্রথম দিন ৩৫ ওভার ব্যাট করে ৩ উইকেটে ১০৭ রান তুলেছিল
বাংলাদেশ। মুমিনুল অপরাজিত ছিলেন ৪০ রানে, মুশফিকুর রহিম ৬ রানে। আজ চতুর্থ দিনের ষষ্ঠ
ওভারে বুমরাহর বলে বোল্ড হন মুশফিক (১১)। মোহাম্মদ সিরাজকে তুলে মারতে গিয়ে মিড-অফে
অধিনায়ক রোহিত শর্মাকে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন লিটন দাস (১৩)। এরপর অশ্বিনকে তুলে মারতে গিয়েছিলেন সাকিব আল হাসান (৯)।
বল উপরে উঠে যায়। মিড-অফে ৩০ গজ বৃত্তের ভেতর থেকে অনেটা পেছনে দৌঁড়ে অবিশ্বাস্য ক্যাচ
নেন মোহাম্মদ সিরাজ।










