প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) থেকে ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারকে সই করানো নিয়ে আলোচনা করে যাচ্ছে সৌদি আরবের ক্লাব আল হিলাল।

 

স্যান্টোস ও বার্সেলোনার সাবেক এই ফরওয়ার্ড সৌদি আরবে যেতে ইচ্ছুক, যদিও এই দলবদলে বাধা হতে পারে পিএসজির চাহিদা। তারা খেলোয়াড়টির জন্য বিশাল অঙ্ক দাবি করছে, যা ২০১৭ সালে তাকে কেনা ২২২ মিলিয়ন ইউরোর কাছাকাছি।

 

৩১ বছর বয়সী নেইমারকে আর দলের মূল কিংবা অপরিহার্য খেলোয়াড় ভাবছেন না পিএসজির হেড কোচ লুই এনরিকে। তাই খেলোয়াড়টিকে বিক্রি করে অপেক্ষাকৃত তরুণ কাউকে সুযোগ করে দিতে চায় ক্লাবটি।

 

এই গ্রীষ্মেই নেইমারের সতীর্থ কিলিয়ান এমবাপ্পে ও সাবেক সতীর্থ মেসিকেও কিনতে চেয়ে ব্যর্থ হয়েছে আল হিলাল। তাদের এমবাপ্পের সঙ্গে কথা বলার অনুমতিও দেয় পিএসজি। যদিও ২৪ বছর বয়সী এমবাপ্পে এখনই সৌদি আরবের মতো অখ্যাত লিগে যেতে চান না বলে সেই আলোচনা আর এগোয়নি। এমবাপ্পের জন্য পিএসজি ২৫৮ মিলিয়ন পাউন্ড ফি চেয়েছিল। এমবাপ্পে অবশ্য এক বছরের জন্য সৌদি আরবে যেতে রাজি হননি।

 

আর আর্জেন্টাইন সুপারস্টার মেসি নাম লিখিয়েছেন মেজর লিগ সকারের দল ইন্টার মিয়ামিতে। সেখানে এরই মধ্যে আলো ছড়িয়েছেন ৩৬ বছর বয়সী ফরওয়ার্ড। মেসি ও এমবাপ্পেকে না পেয়ে আল হিলাল এবার নেইমারের দিকে হাত বাড়িয়েছে। এবার কি সফল হবে সৌদি পেশাদার লিগের দলটি?

 

ক্রিস্টিয়ানো রোনালদো, করিম বেনজেমা, সাদিও মানে, রবার্তো ফিরমিনো, জর্ডান হেন্ডারসন ও রুবেন নেভেস এরই মধ্যে সৌদি লিগে নাম লিখিয়েছেন। এবার পেট্রোডলারের ঝলকানিতে মুগ্ধ হয়ে সৌদির বিমান ধরবেন নেইমারও? স্কাই স্পোর্টস