২০০৭ সালে শুরু করে টি২০ বিশ্বকাপের আট আসরে বহু দুরন্ত বোলিং স্পেল দেখা গিয়েছে। সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেট বিশ্বকাপে ষষ্ঠ বোলার হিসেবে হ্যাটট্রিক করে নিজের নামটি রেকর্ড বুকে লেখালেন আইরিশ পেসার জস লিটল। গতকাল নিউজিল্যান্ডের বিপক্ষে হ্যাটট্রিক করেন তিনি।

অস্ট্রেলিয়ার ব্রেট লি টি২০ বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিক করেন, যা আবার আন্তর্জাতিক টি২০ ক্রিকেটেও প্রথম হ্যাটট্রিক।

আইরিশ বোলার কার্টিস ক্যাম্ফার একমাত্র বোলার হিসেবে টি২০ বিশ্বকাপে টানা চার বলে চার উইকেট শিকার করে ‘ডাবল হ্যাটট্রিক’ করেন। 

গতকাল নিউজিল্যান্ডের কাছে হেরে এবারের টি২০ বিশ্বকাপ আসর থেকে বিদায় নিয়েছে আয়ারল্যান্ড। তবে হারের ম্যাচেও আইরিশদের প্রাপ্তি হয়ে থাকবে লিটলের হ্যাটট্রিক। নিউজিল্যান্ড ইনিংসের ১৯তম ওভারে হ্যাটট্রিক করেন তিনি। এটা চলতি বিশ্বকাপে দ্বিতীয় ও সব মিলিয়ে টি২০ বিশ্বকাপ ইতিহাসে ষষ্ঠ হ্যাটট্রিক। আর আন্তর্জাতিক টি২০তে ৪০তম হ্যাটট্রিক। 

১৯তম ওভারে হ্যাটট্রিক করেন ২৩ বছর বয়সী লিটল। ১১ বল বাকি থাকতে ৩ উইকেটে ১৭৪ রানের সংগ্রহ ছিল নিউজিল্যান্ডের। ওই অবস্থায় যেকোনো দলই সংগ্রহটা দুশ ছাড়িয়ে নেয়ার চেষ্টা করে, কিউইরাও সেই লক্ষ্যে হাঁটত। কিন্তু হ্যাটট্রিক করে লিটল তা হতে দিলেন না। ১৯তম ওভারের দ্বিতীয় বলে উইলিয়ামসন, তৃতীয় বলে জেমস নিশাম ও চতুর্থ বলে মিচেল স্যান্টনারকে শিকার করে হ্যাটট্রিক পূর্ণ করেন এই পেসার।

টি২০ বিশ্বকাপে এর আগে অস্ট্রেলিয়ার ব্রেট লি, শ্রীলংকার হাসারাঙ্গা ডি সিলভা, দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা, আয়ারল্যান্ডের কার্টিস ক্যাম্ফার ও আরব আমিরাতের কার্তিক মেইয়াপ্পন হ্যাটট্রিক করেন।

টি২০ ক্রিকেটে এটা আইরিশদের জার্সিতে দ্বিতীয় হ্যাটট্রিক। এর আগে গত বছরের টি২০ বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন কার্টিস ক্যাম্ফার। তিনি চার বলে চার উইকেট নিয়ে করেছিলেন ‘ডাবল হ্যাটট্রিক’।

২০০৭ সালের প্রথম টি২০ বিশ্বকাপে ব্রেট লি হ্যাটট্রিক করেছিলেন বাংলাদেশের বিপক্ষে। তার শিকার হয়েছিলেন সাকিব আল হাসান, মাশরাফি বিন মর্তুজা ও অলক কাপালি।

সর্বোচ্চ তিনটি হ্যাটট্রিক দেখেছে ২০২১ সালের টি২০ বিশ্বকাপ। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত ওই আসরে হ্যাটট্রিক করার গৌরব অর্জন করেন আইরিশ ক্যাম্ফার, শ্রীলংকার হাসারাঙ্গা ও দক্ষিণ আফ্রিকার রাবাদা। আর চলতি আসরে এ গৌরব অর্জন করলেন লিটল।