দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন দুই টেস্টের সিরিজে প্রথম টেস্টের জন্য সাকিব আল হাসানের জায়গায় ডাক পেলেন বামহাতি স্পিনার হাসান মুরাদ। ২০২১ সালে অভিষেকের পর থেকে এখন পর্যন্ত ৩০টি ফার্স্ট ক্লাস ম্যাচে ১৩৬ উইকেট নিয়েছেন ২৩ বছর বয়সী মুরাদ।
আজ বিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে নির্বাচক প্যানেলের চেয়ারম্যান গাজী আশরাফ হোসেন লিপু টেস্ট স্কোয়াড নিয়ে বলেছেন, ‘আমাদের জানানো হয়েছে যে প্রথম টেস্টে সাকিব আল হাসানকে পাওয়া যাবে না। সাকিব আল হাসান ক্যারিয়ারের শেষ দিকে চলে এলেও ব্যাট-বল হাতে তার মতো দক্ষতাসম্পন্ন কাউকে আমরা খুঁজে পাইনি। অবশ্য হাসান মুরাদ ফার্স্ট ক্লাস ক্রিকেটে ধারাবাহিকভাবে পারফর্ম করে এসেছে এবং সে আমাদের সিস্টেমের মধ্যেই ছিল। সে ঘরের মাঠে আমাদের বোলিংয়ে ভারসাম্য নিয়ে আসবে। আমাদের বিশ্বাস রয়েছে, এই পর্যায়ে পারফর্ম করার সামর্থ্য তার রয়েছে।’
প্রথম টেস্টের স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মুমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটকিপার), জাকের আলী, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা ও হাসান মুরাদ।










