আইসিসি টি২০ বিশ্বকাপে সুপার টুয়েলভ পর্বে আজ দিনের একমাত্র ম্যাচে স্বাগতিক অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে শ্রীলংকা। পার্থে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৫টায়।

 

সুপার টুয়েলভ পর্বে সূচনা ভালো হয়নি অস্ট্রেলিয়ার। প্রথম ম্যাচেই নিউজিল্যান্ডের কাছে বড় ব্যবধানে হেরেছে তারা। এবার অজিদের ঘুরে দাঁড়ানোর মিশন। তবে এই মিশন খুব সহজ হবে না। প্রতিপক্ষ শ্রীলংকা এ মুহূর্তে ভীষণ উজ্জীবিত। প্রথম পর্বের প্রথম ম্যাচে হেরে যাওয়া দাসুন শানাকার দল পরে টানা দুই জয়ে সুপার টুয়েলভ পর্বে খেলা নিশ্চিত করে। সেই ফর্ম ধরে রেখে তারা সুপার টুয়েলভ পর্বেও শুভসূচনা করে এবং আয়ারল্যান্ডকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে দেয়। আজ দ্বিতীয় জয়ের খোঁজে নামবে ২০১৪ আসরে চ্যাম্পিয়নরা। অন্যদিকে, অ্যারন ফিঞ্চের দলও আজ জয় ক্ষুধা নিয়ে খেলতে নামবে।

 

আজ শুধুই জয় নয়, নিট রানরেটের দিকেও লক্ষ্য থাকবে অজিদের। কিউইদের কাছে ৮৯ রানের বিশাল হার তাদের ঠেলে দিয়েছে পয়েন্ট টেবিলের একেবারে তলানিতে। এ মুহূর্তে তাদের নিট রানরেট (-) ৪.৪৫০। বিপরীতে শ্রীলংকার (+) ২.৪৬৭। অজিরা চাইবে বড় ব্যবধানে জিততে।

 

টি২০তে ২৫ বারের মুখোমুখিতে অস্ট্রেলিয়া ১৪টি ও শ্রীলংকা ১০টি জিতেছে।