নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের মাটিতে টেস্টে প্রথম জয় পেয়েছে বাংলাদেশ। এই ঐতিহাসিক জয়ে জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বুধবার জয়ের পর এক শুভেচ্ছা বার্তায় রাষ্ট্রপতি দলের সব খোলোয়াড়, কোচ, ম্যানেজারসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান। ভবিষ্যতেও জয়ের এ ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এক বার্তায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন বলে তার দপ্তর থেকে জানানো হয়েছে।

বুধবার টেস্টের শেষ দিন ১৬৯ রানে অলআউট হয়ে যায় নিউজিল্যান্ড। ১৩০ রানে প্রথম ইনিংসে এগিয়ে থাকা বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে জয়ের লক্ষ্য পায় ৩৯ রানের। দুই উইকেট হারিয়ে সেই লক্ষ্য পাড়ি দেয় অতিথিরা। নিউজিল্যান্ডের মাটিতে যেকোনো ফরম্যাটে এটাই টাইগারদের প্রথম জয়।