চলতি অ্যাশেজ সিরিজ শেষে, অর্থ্যাৎ ওভাল টেস্ট শেষেই অবসর নেবেন ইংলিশ পেসার স্টুয়ার্ট ব্রড। আজ চতুর্থ দিন ৯ উইকেটে ৩৮৯ রান নিয়ে ব্যাটিংয়ে নেমে ৩৯৫ রানে অলআউট হয় ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার সামনে ৩৮৪ রানের টার্গেট। ক্যারিয়ারের শেষ ইনিংসে আজ ব্যাটিং করে ৮ রানে অপরাজিত থাকেন ৩৭ বছর বয়সী ব্রড। এরপর শেষবারের মতো বোলিংয়ে নেমেছেন এই পেসম্যান। ম্যাচ পঞ্চম দিন না গড়ালে আন্তর্জাতিক ক্রিকেটে তার পদচারণা আজই থেমে যাবে।  

 

প্রথম ইনিংসে ২৮৩ রানে অলআউট হয় ইংলিশরা। জবাব দিতে নেমে অজিরা শুক্রবার দ্বিতীয় দিন ২৯৫ রান তুলে অলআউট। অতিথি দল এগিয়ে থাকে ১২ রানে। এরপর দ্বিতীয় ইনিংসে জো রুট (৯১), জনি বেয়ারস্টো (৭৮) ও জ্যাক ক্রলের (৭৫) ফিফটিতে ভর করে চারশোর কাছাকাছি স্কোর পায় ইংল্যান্ড।

 

অজিদের হয়ে মিচেল স্টার্ক ও টড মার্ফি সমান চারটি করে উইকেট নেন। অ্যাশেজে সর্বোচ্চ ২৩টি উইকেট শিকার করেছেন স্টার্ক।  

 

এই টেস্ট জিতলে অ্যাশেজটা ২-২-এ ড্র করতে সমর্থ হবে ইংল্যান্ড। ২০০১ সালের পর ঘরের মাঠে অ্যাশেজ সিরিজ হারেনি তারা। যদিও ২-১-এ এগিয়ে থাকা অজিরা অ্যাশেজের ট্রফি ধরে রেখেছে।

 

ব্রডের ঘোষণায় ইংলিশ ক্রিকেট এখন শোক নেমেছে। ৩৭ বছর বয়সী ব্রড ১৬৭ টেস্টে ৬০২ উইকেট শিকার করেছেন। টেস্টের ইতিহাসেই তিনি দ্বিতীয় সফলতম পেস বোলার। তার সামনে শুধুই সতীর্থ অ্যান্ডারসন (৬৯০ উইকেট)।

 

শুক্রবার অবসরের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান ব্রড। তার কথায়, ‘অবিশ্বাস্য এক যাত্রা ছিল। নটিংহ্যাম্পশায়ার ও ইংল্যান্ডের ব্যাজ পরাটা ছিল বিরাট সম্মানের। গত কয়েক সপ্তাহ ধরেই আমি অবসরের কথা ভাবছিলাম, যদিও ইংল্যান্ড-অস্ট্রেলিয়া লড়াই আমার কাছে সবচেয়ে বড় মনে হয়। অস্ট্রেলিয়ার সঙ্গে লড়াইটা আমি সব সময়ই পছন্দ করেছি। অ্যাশেজের সঙ্গে বলতে পারেন একটা ভালোবাসার সম্পর্ক তৈরি হয় আমার। আমি অ্যাশেজেই শেষবারের মতো বল ও ব্যাট করতে চেয়েছি।’

 

চলতি অ্যাশেজে ইংল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ২০ উইকেট নিয়েছেন ব্রড। পুরোপুরি ফিট থেকে অ্যাশেজের পাঁচটি টেস্ট খেলতে পেরে নিজেই বিস্মিত ব্রড।