আরেকবার রবার্ট লেভানদোভস্কির সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচ খেলতে নামছেন টমাস মুলার। তবে এবার দুজনের গায়ে থাকবে ভিন্ন রঙা জার্সি। এ মৌসুমেই বায়ার্ন মিউনিখ ছেড়ে বার্সেলোনায় নাম লিখিয়েছেন পোলিশ স্ট্রাইকার লেভা। খুব দ্রুতই তিনি ফিরলেন মিউনিখে। আজ চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে সাবেক ক্লাবের মুখোমুখি তিনি। কিন্তু সাবেক বায়ার্ন সতীর্থ মুলার কি ভুলক্রমে তাকেই পাস দেবেন?

 

গত কয়েকদিন ধরেই অনুশীলনের ফাঁকে মজার ছলে মুলারকে এ কথাটিই বলছিলেন লিভারপুল থেকে বায়ার্নে যোগ দেয়া সেনেগালিজ স্ট্রাইকার সাদিও মানে। এ নিয়ে সোমবার মুলার সংবাদমাধ্যমকে বলেন, দুর্ঘটনাবশত যেন মুলারকে পাস না দাও, সেজন্য সাবধান থেকো।

 

জার্মান গ্রেট বাস্তবতা মনে করিয়ে দিয়ে বললেন, আমরা আগামীকাল (আজ) ম্যাচ খেলব এবং লেভাকে নিয়ে খুব বেশি ভাবছি না। গত কয়েক বছর ধরে আমাদের মধ্যে যোগ তৈরি হয়েছে ঠিকই, তবে এখন আমাদের দলে ফ্রন্টে খেলার মতো বেশ কিছু খেলোয়াড় এখন তৈরি হয়েছে। তবে কে ফ্রন্টে খেলবে তা হয়তো প্রতিপক্ষ জানে না। এ নিয়ে আমরা কাজ করছি।



গত মৌসুমে মিউনিখে গিয়ে বড় লজ্জা পায় বার্সেলোনা। এবার অবশ্য লেভাসহ সম্পূর্ণ ভিন্ন একটি দল নিয়ে জার্মানিতে যাচ্ছে লা লিগা জায়ান্টরা। মুলার এই বার্সা দলটির শক্তি সম্পর্কে অবগত। তিনি বলেন, ডুয়েলে আমাদের জিততে হবে। এই ম্যাচটি হবে বেশ উন্মুক্ত। সম্প্রতি বুন্দেসলিগায় আমরা এমন প্রতিপক্ষের সঙ্গে খেলেছি যারা ভালো রক্ষণ করে। আমি তো মনে করি, বার্সার সঙ্গে ম্যাচটি সমর্থকরা উপভোগই করবেন।

 

বায়ার্ন মিউনিখ ও বার্সেলোনা মোট ১৩ ম্যাচে মুখোমুখি হয়েছে, যার মধ্যে বায়ার্ন নয়টি ও বার্সা দুটিতে জিতেছে, বাকি দুটি ড্র হয়েছে। সর্বশেষ চারটি ম্যাচেই জয়লাভ করেছে বাভারিয়ানরা। এর মধ্যে গত মৌসুমে গ্রুপ পর্বের দুটি ম্যাচেই ৩-০ ব্যবধানে জিতেছে জার্মান জায়ান্টরা। আর ২০২০ সালে কোয়ার্টার ফাইনালে কাতালানদের ৮-২ গোলে বিধ্বস্ত করে বুন্দেসলিগায় টানা দশবারের চ্যাম্পিয়নরা।

বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজ এবার হারের বৃত্ত থেকে বেরিয়ে জয়ে ফিরতে চান। বার্সার সাবেক কৃতী মিডফিল্ডার বলেন, আমি তো মনে করি, আমাদের ওপর অনেক বেশি প্রত্যাশা। নয় মাস অতিক্রান্ত হয়েছে এবং এখন সবকিছু ভিন্নই লাগছে। আমরা প্রতিটি বিভাগে উন্নতি করেছি। এখন আমাদের লড়াইয়ের সামর্থ্য আছে বলে আমি মনে করি। আমরা রোমাঞ্চিত। এই ম্যাচটি আমরা জিততে পারি এবং ইতিহাস পাল্টে দিতে পারি।

 

তিনি আরো বলেন, আমরা বিশ্বের অন্যতম সেরা একটি দলের বিপক্ষে খেলব এবং তাদের রয়েছে দারুণ এক কোচ। আমরা দেখাতে চাই, এখন ঠিক কোন মানে রয়েছি আমরা।

 

কখনই বায়ার্নের মাঠে জিততে পারেনি বার্সেলোনা। এই কলঙ্ক এবার ঘুচাতে চান জাভি। তিনি বলেন, আমি মনে করি না যে এটা ভুতের বাড়ি, এটা বায়ার্ন মিউনিখ। আমি তো দুই দলকে মুদ্রার দুই দিকে দেখতে পাই, যারা প্রতিপক্ষকে গোল দেবে।

 

বায়ার্ন-বার্সা ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়। এছাড়া চ্যাম্পিয়ন্স লিগে আজ লিভারপুল ঘরের মাঠে আয়াক্সের বিপক্ষে, অ্যাতলেটিকো মাদ্রিদ জার্মানির বেয়ার লেভারকুসেনে, ভিক্টোরিয়া প্লজেনের মাঠে ইন্টার মিলান, স্পোর্টিং লিসবনের মাঠে টটেনহাম হটস্পার্স খেলবে।