বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সিলেট স্ট্রাইকার্সের জয়রথ ছুটছেই। মাশরাফি বিন মর্তুজার দলটি চলতি আসরে তুলে নিল টানা পঞ্চম জয়। আজ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তারা ৫ উইকেটে হারায় ঢাকা ডমিনেটর্সকে। আগে ব্যাটিং করে ৭ উইকেটে ১২৮ রান তোলে ঢাকা। জবাবে ৪ বল বাকি থাকতে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় সিলেট।

 

পাকিস্তানি অলরাউন্ডার ইমাদ ওয়াসিমের নৈপুন্যে জিতেছে সিলেট। বল হাতে ৪ ওভারে ২০ রানে তিন উইকেট নেন তিনি। একটি সময়ে হ্যাটট্রিকর সম্ভাবনাও জাগিয়েছিলেন তিনি। এছাড়া রুবেল হোসেন (১/২৫), নাজমুল ইসলাম (১/২৭) নিয়ন্ত্রিত বোলিং করে ঢাকাকে অল্প রানে আটকে দিতে ভূমিকা রাখেন।

 

জবাব দিতে নেমে মোহাম্মদ হারিস ৩২ বলে ৪৪ রান তুলে দিলেও শ্লথ ব্যাটিংয়ের কারণে শেষ দিকে বিপাকে পড়েছিল সিলেট। বিশেষ করে নাজমুল হোসেন শান্ত ২০ বলে ১২, ইমাদ ২০ বলে ১১ ও মুশফিকুর রহিম ২৫ বলে ২৭ রান করলে শেষ দিকে আস্কিং রানরেট বেড়ে যায়। তাতে শেষ ১২ বলে সিলেটের প্রয়োজন পড়ে ২০ রানের। যদিও লংকান হার্ডহিটার থিসারা পেরেরা (১১ বলে ২১*) ও আকবর আলীর (১০*) ব্যাটে ভর করে শেষ পর্যন্ত ৪ বল বাকি থাকতেই জয় নিশ্চিত করে সিলেট।

 

আজ সন্ধ্যার ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুুখি হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।