২০২২ সালের প্রথম দিন সকালেই নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট লড়াইয়ে নেমেছে বাংলাদেশ। মাউন্ট মঙ্গানুইয়ে টেস্টের প্রথম দিনের লড়াই ছিল সমানে সমান। ৮৭ দশমিক ৩ ওভারে পাঁচ উইকেটে ২৫৮ রানে দিন শেষে করেছে স্বাগতিকরা। ১২২ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন কিউই ব্যাটসম্যান ডেভন কনওয়ে।

বে ওভালের মাউন্ট মঙ্গানুইয়ে আজ শনিবার সিরিজের প্রথম টেস্টে টস জিতে বোলিং বেছে নেয় সফরকারীরা। তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও ইবাদত হোসনকে নিয়ে সাজানো টাইগারদের পেস আক্রমণের শুরুটাও ভালোই ছিল। প্রথম সাফল্য পান চোট কাটিয়ে টেস্ট দলে ফেরা শরিফুল। কিউই ওপেনার ও ভারপ্রাপ্ত অধিনায়ক টম লাথামকে দিনের চতুর্থ ওভারেই বিদায় করেন তিনি। ভেতরের একটি ডেলিভারি লাথামের ব্যাটের ভেতরের কানা ছুঁয়ে প্যাডে লেগে যায় পেছনে। আর ঝাঁপিয়ে তা এক হাতে তালুবন্দী করেন উইকেটরক্ষক লিটন দাস।  ব্যক্তিগত ১ রানে ফেরেন লাথাম।

শুরুর ধাক্কার পর উইল ইয়ং ও কনওয়ে জেঁকে বসেন উইকেটে। ১৩৮ রানের জুটি গড়েন দুজনে। মেহেদি হাসান মিরাজের বলে সিঙ্গেল নিতে গিয়ে নাজমুল হোসেন শান্তর থ্রোয়ে রানআউটের শিকার হন ইয়াং। টেস্ট ক্যারিয়ারে তৃতীয় হাফসেঞ্চুরি (৫২ রান) করেন এই ওপেনার।

এরপর বিদায়ী টেস্ট সিরিজ খেলতে নামা রস টেইলরকে নিয়ে ফের ঘুরে দাঁড়ান কনওয়ে। দুজনের জুটি জমে উঠার পথে সেঞ্চুরি হাঁকান তিনে নামা কনওয়ে, দারুণ সঙ্গ দেন টেইলরও। দুজনের জুটিতে আসে ৫০ রান। সেঞ্চুরি হাঁকানো পথে ১৪টি চার ও ১টি ছক্কা হাঁকান কনওয়ে। তবে পরের ওভারেই শরিফুলের বলে কভারে থাকা সাদমান ইসলামের হাতে ক্যাচ তুলে দিয়ে বিদায় নেন ৩১ রান করা টেইলর।

টেইলর বিদায় নিলেও হেনরি নিকোলসকে নিয়ে লড়াই চালিয়ে যাচ্ছিলেন কনওয়ে। পরিস্থিতি বুঝে বল হাতে তুলে নেন বাংলাদেশের অধিনায়ক মুমিনুল। নিজের তৃতীয় ওভারেই সাফল্য পেয়ে যান এই পার্ট-টাইম স্পিনার। মুমিনুলের লেগ স্ট্যাম্পের বাইরের বলে ব্যাট ছোঁয়াতে গিয়ে উইকেটরক্ষক লিটনের হাতে ক্যাচ তুলে দিলে শেষ হয় কনওয়ের ২২৭ বলে ১৬ চার ও ১ ছক্কায় সাজানো ১২২ রানের ইনিংস। দিনের শেষ মুহূর্তে উইকেটকিপার টম ব্লান্ডেলকে ১১ রানে বোল্ড আউট করে দলকে স্বস্তি এনে দেন এবাদত। নিকোলস ৩২ রানে অপরাজিত আছেন। বাংলাদেশের হয়ে শরিফুল দুটি, এবাদত ও মুমিনুল একটি করে উইকেট নেন।