দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আজ রোববার আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচে পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়েছে ভারত। ১১১ বলে ১০০ রানের হার না মানা ইনিংস খেলে ৪৫ বল বাকি থাকতে ভারতকে জিতিয়েছেন বিরাট কোহলি। এটা তার রেকর্ড ৫১তম ওয়ানডে সেঞ্চুরি। ৪৯ সেঞ্চুরি নিয়ে ভারতীয় গ্রেট শচীন টেন্ডুলকার দুইয়ে, আর বর্তমানে খেলছেন এমন ক্রিকেটারদের মধ্যে রোহিত শর্মা ৩২ সেঞ্চুরি নিয়ে তিনে অবস্থান করছেন।

জয়ের জন্য ভারতের প্রয়োজন ছিল ২ রান, কোহলি দাঁড়িয়ে ৯৬ রানে। তখন খুশদিল শাহের বলকে এক্সট্রা কভা অঞ্চল দিয়ে সীমানার বাইরে পাঠিয়ে তিনি ৫১তম সেঞ্চুরি পূর্ণ করেন।

টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে ৪৯.৪ ওভারে ২৪১ রানে গুটিয়ে যায় পাকিস্তান। সৌদ শাকিল ৭৬ বলে ৬২, মোহাম্মদ রিজওয়ান ৭৭ বলে ৪৬ ও খুশদিল শাহ ৩৯ বলে ৩৮ রান করেন। কুলদীপ যাদব তিনটি ও হার্দিক পান্ডিয়া দুটি উইকেট নেন। জবাব দিতে নেমে কোহলির সেঞ্চুরি, শ্রেয়াস আইয়ারের ফিফটিতে (৬৭ বলে ৫৬) সহজ জয় পায় ভারত। এছাড়া ওপেনার শুবমান গিল ৫২ বলে ৪৬ ও রোহিত শর্মা ১৫ বলে ২০ রান করেন। শাহিন শাহ আফ্রিদি ৭৪ রানে দুটি উইকেট নেন। এর আগে বাংলাদেশও একই ব্যবধানে হারায় ভারত। টানা দুই জয়ে রোহিত শর্মার দলের সেমিফাইনালের টিকিট প্রায় নিশ্চিত হলো।

বৃহস্পতিবার রাওয়ালপিন্ডিতে ‘এ’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে পাকিস্তান, ভারত শেষ ম্যাচ খেলবে রোববার নিউজিল্যান্ডের বিপক্ষে। রাওয়ালপিন্ডিতে আগামীকাল নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।