মিরপুরে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন বাংলাদেশকে ১০৬ রানে অলআউট করে দেয়া দক্ষিণ আফ্রিকা নিজেরাও পড়ে ব্যাটিং বিপর্যয়ে। বামহাতি স্পিনার তাইজুল ইসলামের ঘূর্ণিতে বেসামাল প্রোটিয়ারা ১০৮ রান তুলতেই ৬ উইকেট হারিয়ে ফেলে। এর মধ্যে তাইজুল একাই নেন ৫ উইকেট। ৪১ ওভারে ৬ উইকেটে ১৪০ রান তুলে প্রথম দিন মাঠ ছাড়ে দক্ষিণ আফ্রিকা। ১৬ উইকেটের পতনের প্রথম দিন এগিয়ে থাকল প্রোটিয়ারা।

আজ চতুর্থ উইকেট শিকারের মধ্য দিয়ে দ্বিতীয় বাংলাদেশী বোলার হিসেবে টেস্টে ২০০ উইকেটের মাইলফলকে পৌঁছেন ৩২ বছর বয়সী তাইজুল। ৪৮তম টেস্টে তিনি এই মাইলফলকে পৌঁছেন। এরপর নেন আরো এক উইকেট। সব মিলে তার শিকার এখন ২০১ উইকেট। সাকিব আল হাসান ৭১ টেস্টে ২৪৬ উইকেট নিয়ে শীর্ষে অবস্থান করছেন। এরপর মেহেদী হাসান মিরাজ ৪৮ টেস্টে ১৮৩ উইকেট ও মোহাম্মদ রফিক ৩৩ টেস্টে ১০০ উইকেট শিকার করেছেন।

মিরপুর টেস্টে হাসান মাহমুদই বাংলাদেশ একাদশে একমাত্র পেস বোলার। এছাড়া তিনজন স্পেশালিস্ট স্পিনার নিয়ে নেমেছে স্বাগতিকরা। প্রথম দিনই শক্তি দেখাল বাংলাদেশের স্পিন। এর আগে প্রোটিয়া বামহাতি স্পিনার কেশব মহারাজও ৩টি ও অফস্পিনার ডেন পিয়েত নেন একটি। তিনটি করে উইকেট নেন দুই পেসার কাগিসো রাবাদা ও উইয়ান মুলডার।

এর আগে মুলডার, রাবাদা ও মহারাজদের বোলিং তোপে মধ্যাহ্নভোজনের বিরতির কিছুক্ষণ পরই গুটিয়ে যায় বাংলাদেশের প্রথম ইনিংস। বল হাতে বাংলাদেশকে ব্যাকফুটে পাঠানোর সূচনাটা করেন মিডিয়াম পেসার মুলডার। তার সঙ্গে যোগ দেন রেকর্ড সৃষ্টিকারী কাগিসো রাবাদা। টেস্টে সবচেয়ে কম ডেলিভারিতে ৩০০ উইকেট শিকার করেন তিনি। ১২ হাজারের কম ডেলিভারিতে ৩০০ টেস্ট উইকেট পাওয়া প্রথম বোলার রাবাদা।

৬ উইকেটে ৬০ রান নিয়ে লাঞ্চে যাওয়া বাংলাদেশ ফেরার পর ১৪ ওভারের মধ্যে বাকি ৪ উইকেট হারিয়ে বসে। এই চারটির মধ্যে মহারাজ দুটি এবং পিয়েত ও রাবাদা ১টি করে উইকেট নেন।

বাংলাদেশের হয়ে ওপেনার মাহমুদুল হাসান জয় করেছেন সর্বোচ্চ ৩০ রান। আর মাত্র তিন ব্যাটার দুই অঙ্কে পৌঁছাতে পেরেছেন। তবে ২০-এর গণ্ডি পেরোতে পারেননি তাদের কেউই।