হোবার্টে টস হেরে ব্যাট করে বাংলাদেশ ৮ উইকেটে ১৪৪ রান সংগ্রহ করেছে। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ২ উইকেট হারালো নেদারল্যান্ডস। বাংলাদেশের হয়ে বোলিং ওপেন করেন তাসকিন আহমেদ এবং বল করতে এসে প্রথম বলেই উইকেট নিলেন তিনি। ফিরিয়ে দেন ডাচ ওপেনার ভিক্রমজিত সিংকে।
পরের বলেই তিনি ফিরিয়ে দিলেন বাস ডি লিডিকে। টানা দুই বলে দুই উইকেট হারিয়ে ডাচরা যেমন বিপদে পড়েছে, তেমনি হ্যাটট্রিকের সুযোগ তৈরি করেছেন তাসকিন আহমেদ। যদিও শেষ পর্যন্ত হ্যাটট্রিকটি আর হলো না তার। বর্তমানে তাদের স্কোর ২ ওভার ৩ বলে ২ উইকেট হারিয়ে ৬ রান।
হোবার্টের বেলেরিভ ওভালে আজ সোমবার টস হেরে ব্যাট করতে নেমে ৫ ওভারে উদ্বোধনী জুটিতেই ৪৩ রান তুলে ফেলেছিল বাংলাদেশ। কিন্তু এরপর নিয়মিত বিরতিতে বাংলাদেশের ব্যাটারদের উইকেট বিলিয়ে দিয়ে আসার মিছিল বাড়তে থাকায় রান আর আশানুরূপ বাড়েনি। সৌম্যর বিদায়ে এই জুটি ভাঙতেই দ্রুত বিপদেও পড়ে বাংলাদেশ।
৬৩ রানে ফেরেন শান্ত, লিটন ও সাকিব। ৭৬ রানে ইয়াসির আলী ফিরলে ভীষণ চাপে পড়ে যায় তারা। সেখান থেকে দলকে টেনে তুলতে বড় অবদান আফিফ হোসেনের। তার সর্বোচ্চ ৩৮ রানেই শেষ পর্যন্ত স্কোরটা ভালো পর্যায়ে গেছে। সোহানের সঙ্গে মিলে ৪৪ রান যোগ করেছেন। তার পর অবশ্য শেষ দিকে ১২ বলে মোসাদ্দেক হোসেনের অপরাজিত ২০ রানের কার্যকরী ইনিংস স্কোরটাকে সমৃদ্ধ করেছে। শেষ পর্যন্ত ৮ উইকেটে ১৪৪ রানে থেমে যেতে হয়েছে টাইগারদের। ডাচদের হয়ে ২১ রানে দুটি উইকেট নেন ফর মিকারেন। ২৯ রানে দুটি নেন বাস ডি লিডও। একটি করে উইকেট নেন ফ্রেড ক্লাসেন, টিম প্রিঙ্গল, লগান ফন বিক ও শারিজ আহমেদ।










