মিরপুর টেস্টে আজ বুধবার তৃতীয় দিন ৩ উইকেটে ১০১ নিয়ে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ তখনো দুই ইনিংস মিলে দক্ষিণ আফ্রিকার চেয়ে ১০১ রানে পিছিয়ে। স্বাগতিকরা সকালে একই ওভারে হারিয়ে ফেলে আগের দিন অপরাজিত থাকা মাহমুদুল হাসান জয় ও মুশফিকুর রহিমকে। দুজনই কাগিসো রাবাদার শিকার হন। উইকেটকিপার-ব্যাটার লিটন দাস দ্রুত ফেরেন সাজঘরে। তিনি মাত্র ৭ রান করে কেশব মহারাজের শিকার হন (১১২/৬)।
ইনিংস হারের শঙ্কায় যখন গোটা মিরপুর তখনই ১৩৮ রানের অবিশ্বাস্য এক জুটি গড়েন মেহেদী হাসান মিরাজ ও অভিষিক্ত জাকের আলী। দুজনের জমাট লড়াই আর দুপুরের পর নামা বৃষ্টির কল্যাণে মিরপুর টেস্ট গড়িয়েছে চতুর্থ দিনে। বাংলাদেশের লিড এখন ৩ উইকেট হাতে নিয়ে ৮১ রানের।
বৃষ্টির বাগড়ায় তৃতীয় মোট ৫৭.৫ ওভারের খেলা মাঠে গড়িয়েছে। এই লড়াইটুকুতে বাংলাদেশই এগিয়ে রয়েছে। ৫৭.৩ ওভারে ১৮২ রান তুলেছে স্বাগতিকরা। আজ তারা হারিয়েছে মাহমুদুল হাসান জয়, মুশফিকুর রহিম, লিটন দাস ও জাকের আলীকে।
অভিষিক্ত জাকের আলী ১১১ বলে ৫৮ রান করে মহারাজের বলে লিগ বিফোরের ফাঁদে পড়েন। এরপর নাঈম হাসানকে সঙ্গে নিয়ে ৩৩ রানের জুটি গড়েছেন মিরাজ। তিনি সেঞ্চুরি থেকে ১৩ রান দূরে। নাঈম অপরাজিত রয়েছেন ১৬ রানে।
সকালে ৩২ ওভারের প্রথম সেশন নির্বিঘ্নে হওয়ার পর বেলা ১টা ৩৫ মিনিটে বৃষ্টি শুরু হয়। বৃষ্টি কমলে পুনরায় খেলা শুরু হয় ৩টায়। তখন বাংলাদেশের স্কোর ছিল ৮০ ওভারে ২৬৭/৭। লিড ৬৫ রানের। যদিও মাত্র ৫ ওভারশেষে আবার বৃষ্টি ও আলোকস্বল্পতায় খেলা বন্ধ হয়ে যায়। অবশেষে বিকাল ৪টার দিকে তৃতীয় দিনের খেলার ‘স্ট্যাম্প’ বলে দেন আম্পায়াররা।










