পরপর দুই বছর দুটি বিশ্বকাপ।
এ বছর অক্টোবর ও নভেম্বরে ভারতের মাটিতে বসছে ওয়ানডে বিশ্বকাপ আসর। আগামী বছর জুন মাসে
আরেকটি বিশ্বকাপ আসর বসবে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে। আইসিসি নবম টি২০ বিশ্বকাপ
আসর ৪ জুন শুরু হয়ে চলবে ৩০ জুন পর্যন্ত।
মোট ১০টি ভেন্যুতে অনুষ্ঠিত
হবে টি২০ বিশ্বকাপে ৫৫টি ম্যাচ। এর মধ্যে ওয়েস্ট ইন্ডিজের ছয়টি ও যুক্তরাষ্ট্রের চারটি
ভেন্যু। যুক্তরাষ্ট্রের যেসব ভেন্যুতে প্রথমবারের মতো আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হবে,
সেই ভেন্যুগুলো শিগগিরই পরিদর্শনে যাবে আইসিসির টিম। ফ্লোরিডার লডারহিল, মরিসভিল, ডালাস
ও নিউইয়র্কে বিশ্বকাপ ম্যাচ হওয়ার কথা। এখানে টুর্নামেন্টের মূল ম্যাচ ছাড়াও ওয়ার্মআপ
ম্যাচ অনুষ্ঠিত হবে।
মরিসভিল ও ডালাসে বর্তমানে
মেজর লিগ ক্রিকেটের ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট, যুক্তরাষ্ট্র ক্রিকেট
ও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) মধ্যে আলোচনার পর আগামী মাসে ভেন্যুর ব্যাপারে
চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।
নবম টি২০ বিশ্বকাপে অংশ
নেবে মোট ২০টি দল। ১২টি দল এরই মধ্যে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে। ২০২২ সালের টি২০
বিশ্বকাপের পারফরম্যান্সের ভিত্তিতে ৮ দল, স্বাগতিক হিসেবে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র
এবং র্যাংকিংয়ের ভিত্তিতে বাংলাদেশ ও আফগানিস্তান পরের টি২০ বিশ্বকাপে খেলা নিশ্চিত
করেছে। আঞ্চলিক বাছাইপর্ব খেলে সম্প্রতি বিশ্বকাপের টিকিট পেয়েছে স্কটল্যান্ড, আয়ারল্যান্ড
ও পাপুয়া নিউগিনি। এছাড়া এশিয়া অঞ্চল থেকে দুটি, আফ্রিকা থেকে দুটি ও আমেরিকা অঞ্চল
থেকে আরো একটি দল বিশ্বকাপের টিকিট পাবে।
এবার ফরম্যাটে আসছে পরিবর্তন।
বিশ্বকাপে ২০টি দল চারটি গ্রুপে ভাগ হয়ে খেলবে। প্রতি গ্রুপের শীর্ষ দুই দল উঠবে সুপার-এইট
পর্বে। সেখানে দুটি গ্রুপে ভাগ হয়ে খেলবে দলগুলো। প্রতি গ্রুপের শীর্ষ দুই দল উঠবে
সেমিফাইনালে।
টি২০ বিশ্বকাপে সর্বোচ্চ দুবার
করে শিরোপা জিতেছে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড। বিশ্বকাপে সর্বোচ্চ ৪৭ উইকেট শিকার করেছেন
বাংলাদেশের সাকিব আল হাসান, সবচেয়ে বেশি ১ হাজার ১৪১ রান করেছেন বিরাট কোহলি।










