স্কটল্যান্ডকে ৫ উইকেটে হারিয়ে ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে চলমান টি২০ বিশ্বকাপের সুপার টুয়েলভ রাউন্ডে উঠেছে জিম্বাবুয়ে। ‘বি’ গ্রুপ থেকে সুপার টুয়েলভে তাদের সঙ্গী হয়েছে আয়ারল্যান্ড, যারা আজ দিনের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৯ উইকেটে হারিয়ে চমক দেখায়।

 

এই প্রথম টি২০ বিশ্বকাপে দ্বিতীয় পর্বে ওঠার কৃতিত্ব দেখাল জিম্বাবুয়ে। প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে হারালেও পরের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে যায় জিম্বাবুয়ে। যদিও আজ ঘুরে দাঁড়িয়ে স্কটিশদের ভালো ব্যবধানে হারায় আফ্রিকার দলটি। তাদের নিট রানরেটে তারা পেছনে ফেলে আইরিশদের।

 

জিম্বাবুইয়ানরা ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সুপার টুয়েলভে ‘গ্রুপ-টু’তে যোগ দেবে ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ ও নেদারল্যান্ডসের সঙ্গে। ২৪ অক্টোবর হোবার্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে ক্রেগ আরভিনের জিম্বাবুয়ে। আর ‘বি’ গ্রুপ রানার্সআপ আয়ারল্যান্ড সুপার টুয়েলভে ‘গ্রুপ-ওয়ান’ এ যোগ দেবে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, আফগানিস্তান ও শ্রীলংকার সঙ্গে। আগামীকাল হোবার্টে তাদের প্রথম প্রতিপক্ষ শ্রীলংকা।

 

হোবার্টে আজ আগে ব্যাটিং করে ৬ উইকেটে ১৩২ রান তোলে স্কটল্যান্ড। ছোট টার্গেট তাড়া করতে নেমে ক্রেগ আরভিন ও সিকান্দার রাজার ব্যাটে ভর করে ৯ বল ও ৫ উইকেট হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় জিম্বাবুয়ে। চতুর্থ উইকেটে ২৩ বলে ৬৪ রান যোগ করে স্কটিশদের সব আশা শেষ করে দেন এ দুজন। আরভিন ৫৪ বলে ৫৮ ও রাজা ২৩ বলে ৪০ রান করেন।

 

এর আগে অনবদ্য বোলিং পারফরম্যান্সে স্কটিশদের অল্প রানে আটকে দেন জিম্বাবুয়ের বোলাররা। পেসার তেন্দাই চাতারা (২/১৪) ও রিচার্ড এনগারাভা (২/২৮) স্কটিশদের রান তুলতে দেননি। এছাড়া রাজা (১/২০) ও শন আরভিনও (০/১৯) হাত ঘুরিয়ে প্রতিপক্ষকে চাপে রাখেন। স্কটল্যান্ডের হয়ে জর্জ মুনসে সর্বোচ্চ ৫৪ রান করেন ৫১ বলের মোকাবেলায়।