একাদশ বিপিএলে সবার আগে ফাইনালে উঠেছে ফরচুন বরিশাল। আজ দ্বিতীয় ফাইনালিস্ট নির্ধারণের ম্যাচ দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি খুলনা টাইগার্স ও চট্টগ্রাম কিংস। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়।
এই ম্যাচের বিজয়ী শুক্রবারের ফাইনালে ফরচুন বরিশালের মুখোমুখি হবে। সোমবার চট্টগ্রামকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে ফাইনালে ওঠে বরিশাল। ওইদিন এলিমিনেটর ম্যাচে রংপুর রাইডার্সকে একই ব্যবধানে হারিয়ে দেয় মেহেদী হাসান মিরাজের খুলনা। আজ তাদের সামনে ফাইনালে ওঠার হাতছানি। নকআউট এই ম্যাচটি জিততে মরিয়া হয়ে খেলবে মোহাম্মদ মিঠুনের চট্টগ্রামও।
এবারের আসরে প্রথম আট ম্যাচেই জয় পাওয়া রংপুরকে এলিমিনেটর ম্যাচে রীতিমতো গুঁড়িয়ে দেয় খুলনা। নুরুল হাসানের সোহানের দল মাত্র ৮৫ রানে অলআউট হয়ে যায়। ১ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় খুলনা। সোমবার প্রথম কোয়ালিফায়ার ম্যাচে আগে ব্যাটিংয়ে নেমে ৯ উইকেটে ১৪৯ রান সংগ্রহ করে চট্টগ্রাম। পরে তাওহীদ হৃদয়ের ৮২ রান ভর করে সহজ জয় পায় বরিশাল।
চট্টগ্রাম টেবিলের দুইয়ে ও খুলনা চারে থাকলেও এখন পরিস্থিতি পাল্টেছে। রংপুরে হারিয়ে খুলনার খেলোয়াড়রা যখন দারুণ আত্মবিশ্বাসী, তখন চট্টগ্রাম চাপে থেকে মাঠে নামবে আজ। বরিশালের কাছে যে পাত্তাই পায়নি চট্টলার দলটি।










