বড় সংগ্রহের আভাস দিয়েও শেষ পর্যন্ত ৩৬৪ রানে থামে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস। বল হাতেও শুরুটা দুর্দান্ত হয় প্রোটিয়াদের। দলীয় শতরানের আগেই নিউজিল্যান্ডের পাঁচ উইকেট তুলে নেয় সফরকারী বোলাররা।
তবে ষষ্ঠ উইকেটে কলিন ডি গ্র্যান্ডহোম ও ড্যারিল মিচেলের ব্যাটে ম্যাচে ফিরেছে কিউইরা। আজ ক্রাইস্টচার্চে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষে পাঁচ উইকেটে ১৫৭ রান করেছে স্বাগতিকরা। গ্র্যান্ডহোম ৫৪ ও মিচেল ২৯ রানে অপরাজিত আছেন। অবিচ্ছিন্ন জুটিতে দু’জনে তুলেছেন ৬৬ রান।
দক্ষিণ আফ্রিকার হয়ে কাগিসো রাবাদা তিনটি ও মার্কো জেনসেন দুটি উইকেট নেন।
এর আগে প্রথম দিন তিন উইকেটে ২৩৮ রান থেকে গতকাল আবারো ব্যাটিংয়ে নামে প্রাটিয়ারা। বাকি সাত উইকেট স্কোরে যোগ করে ১২৬ রান। নিউজিল্যান্ডের বোলারদের মধ্যে নেইল ওয়াগনার চারটি, ম্যাট হেনরি তিনটি ও কাইল জেমিসন দুটি উইকেট নেন। দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ তে এগিয়ে আছে নিউজিল্যান্ড। সিরিজ হার এড়াতে এ ম্যাচটি জয় ছাড়া কোনো উপায় নেই দক্ষিণ আফ্রিকার সামনে।










