উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগাসহ সব ধরণের প্রতিযোগিতায় শোচনীয়ভাবে ব্যর্থ হচ্ছে বার্সেলোনা। সর্বশেষ বুধবার রাতে লিগে রায়ো ভায়েকানোর কাছে ১-০ গোলে হেরেছে কাতালানরা।

এই ব্যর্থতায় চাকরি গেল কোচ রোনাল্ড কোমানের। নিয়োগের ১৪ মাস পর ডাচ কোচকে বরখাস্ত করল স্পেন ও ইউরোপের অন্যতম সেরা ক্লাবটি। তার জায়গায় বার্সেলোনার কোচ হতে যাচ্ছেন সাবেক খেলোয়াড় জাভি হার্নান্দেজ। একাধিক সংবাদমাধ্যম লিখেছে, জাভিকে প্রস্তাব দিয়েছে বার্সেলোনা, জাভিও রাজি; এখন তার বর্তমান ক্লাব কাতারের আল সাদ রাজি থাকলেই দায়িত্ব নিতে পারেন স্পেন জাতীয় দলের সাবেক তারকা মিডফিল্ডার।

লা লিগায় চলতি মৌসুমে ১৫ ম্যাচ থেকে মাত্র ১০ পয়েন্ট সংগ্রহ করতে সমর্থ হয়েছে বার্সেলোনা, যখন কিনা তাদের চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ টেবিলের শীর্ষস্থানে রয়েছে। চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বেও এরই মধ্যে দুই ম্যাচে হেরেছে কাতালান ক্লাবটি।

বুধবার ভায়েকানোর মাঠে হারের পর লা লিগায় পয়েন্ট টেবিলের ৯ নম্বরে নেমেছে বার্সেলোনা, যা ক্লাবটির সমর্থকদের কাছে অনেকটাই অকল্পনীয়। সর্বশেষ চার ম্যাচের মধ্যে এটা বার্সার তৃতীয় হার, যার মধ্যে রয়েছে গত রোববারের এল ক্লাসিকো।

হারের পর এক বিবৃতিতে বার্সেলোনা জানিয়ে দেয়, রায়ো ভায়েকানোর কাছে পরাজয় শেষে ক্লাব প্রেসিডেন্ট (হোয়ান লাপোর্তা) তাকে (কোমান) বিষয়টি জানিয়েছেন। রোনাল্ড কোমান খেলোয়াড়দের কাছ থেকে বিদায় নেবেন বৃহস্পতিবার (আজ)।

নেদারল্যান্ডস, এভারটন ও সাউদাম্পটনের সাবেক কোচ ৫৮ বছর বয়সী কোমান গত মৌসুমে লা লিগায় বার্সেলোনাকে তৃতীয় করতে পেরেছেন। এ মৌসুমে লিওনেল মেসি চলে যাওয়ায় আক্রমণভাগের শক্তি কমে যায় বার্সার, যা কোনো কিছু দিয়েই আর পূরণ করতে পারছিলেন না কোমান। ফলে তার দল একের পর এক ম্যাচে হেরে চলছিল। বুধবার হারের পর কোমান হয়তো সেটাই বলতে চাইছিলেন। তার কথায়, লিগ টেবিল বলছে, আমরা ভালো পজিশনে নেই। স্কোয়াডে ভারসাম্য হারিয়েছে বার্সেলোনা। বেশ কিছু কার্যকর খেলোয়াড় চলে গেছে, যা ফুটে উঠছে। সাম্প্রতিক বছরগুলোতে প্রতি মৌসুমেই বার্সেলোনা তার শক্তি বাড়ায়, কিন্তু এবার করা হয়নি, যার প্রভাব দেখা যাচ্ছে।

১৯৮৭ সালের পর এই প্রথম টানা তিনটি অ্যাওয়ে ম্যাচে কোনো গোল না করেই হেরেছে বার্সেলোনা। সর্বশেষ এমন ব্যর্থতায় চাকরি হারিয়েছিলেন ইংলিশ কোচ টেরি ভেনাবলস। এবার কোমান।

কোমান বিদায় নেয়ায় কাতালান ক্লাবের হেড কোচ হিসেবে আসার জোর সম্ভাবনা জাভির। একটি সময় ন্যু ক্যাম্প মাতানো চ্যাম্পিয়ন মিডফিল্ডারকে অবশ্য গত বছরও কোচ হওয়ার প্রস্তাব দিয়েছিল বার্সেলোনা, তখন তিনি রাজি হননি। বলেছিলেন, আল সাদের সঙ্গে বর্তমান চুক্তি তিনি পূর্ণ করবেন। গোলডটকম জানিয়েছে, এবার জাভি আর না করেননি, এখন আল সাদের সবুজ সঙ্কেতের অপেক্ষায় রয়েছেন।