টি২০ বিশ্বকাপের সুপার টুয়েলভ রাউন্ডে আজ শ্রীলংকার মুখোমুখি হবে আয়ারল্যান্ড। শ্রীলংকা ওয়ানডে ও টি২০ ক্রিকেটের সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন। অন্যদিকে, আয়ারল্যান্ড টেস্ট পরিবারের নবীনতম দল, শক্তি সামর্থ্যেও লংকানদের চেয়ে অনেক পিছিয়ে। তবে বর্তমান ফর্ম দিয়ে দুই দলকে আলাদা করা কঠিনই। প্রথম রাউন্ডে দুটি দলই প্রথম ম্যাচ হারের পর ঘুরে দাঁড়িয়েছে এবং টানা দুই জয়ে উঠে এসেছে সুপার টুয়েলভে। সেই বাস্তবতায় হোবার্টে আজ লংকা-আইরিশ জমজমাট লড়াইয়ের আভাস মিলছে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১০টায়।
শ্রীলংকা ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ও আয়ারল্যান্ড ‘বি’ গ্রুপ রানার্সআপ হয়ে সুপার টুয়েলভে উঠেছে। দুই দলেরই সুপার টুয়েলভে উঠে আসার গল্পটা মোটেও সহজ ছিল না। উভয়ই প্রথম ম্যাচে হেরে বিদায়ের শঙ্কায় পড়ে। শ্রীলংকাকে হারিয়ে দেয় নামিবিয়া, আর আইরিশরা হেরে যায় জিম্বাবুয়ের কাছে। এরপর দুই দল রূপকথা লিখে উঠে আসে সুপার টুয়েলভে।
শ্রীলংকা টানা দুই ম্যাচে হারিয়েছে যথাক্রমে সংযুক্ত আরব আমিরাত ও নেদারল্যান্ডসকে, আর আইরিশরা টানা দুই জয় পায় প্রতিবেশী স্কটল্যান্ড ও দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। এভাবে সুপার টুয়েলভে ওঠায় ভীষণ উজ্জীবিত দুটি দলই। আজ তাই কেউ কাউকে ছেড়ে কথা বলবে না হয়তো। বিশেষ করে, আইরিশরা অবিশ্বাস্য পারফর্ম করে লংকানদের চোখ রাঙাচ্ছে। স্কটল্যান্ডকে ১৭৭ রান চেজ করে ৬ উইকেটে ও ওয়েস্ট ইন্ডিজকে ৯ উইকেটে হারানোর কৃতিত্ব দেখায় অ্যান্ডি বলবির্নির দল। এমন একটা দলকে নিশ্চিতভাবেই ছোট করে দেখার মতো ভুল করবে না লংকানরা।
আবার সিংহলিজরাও উদ্দীপ্ত। ঠিক এভাবেই গত সেপ্টেম্বরে এশিয়া কাপ টি২০ আসরে অবিশ্বাস্য প্রত্যাবর্তনে সেমিফাইনালে জায়গা করে নিয়েছিল দাসুন শানাকার দল এবং পরিশেষে তারা চ্যাম্পিয়নও হয়েছিল! লড়াকু জাতিটি এবার বিশ্বকাপেও ঘুরে দাঁড়িয়েছে। এবার সুপার টুয়েলভ রাউন্ডেও তাদের কাছ থেকে ধ্রুপদী কিছু লড়াই দেখার অপেক্ষায় থাকবে ক্রিকেট বিশ্ব।
টি২০তে দুই দল দুবার মুখোমুখি হয়েছে এবং দুটিই বিশ্বকাপে। ২০২১ সালের টি২০ বিশ্বকাপে লংকানরা জিতেছে ৭০ রানে, আর ২০০৯ আসরে সিংহলিজরা জিতেছিল ৯ রানে।










