রিয়াল মাদ্রিদের হয়ে চলতি মৌসুমে প্রথম পাঁচ ম্যাচেই শুরুর একাদশে খেলে ছয় গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে। এর পরও প্রতি ম্যাচে শুরুর একাদশে জায়গা নিশ্চিত নয় ফরাসি সুপারস্টারের। রিয়াল মাদ্রিদ কোচ জাবি আলোনসো জানিয়েছেন, সবসময় শুরুর একাদশে জায়গা পাবেন না এমবাপ্পে। তারকাদের ঘুরিয়ে ঘুরিয়ে খেলাবেন তিনি।
এ মৌসুমে ভিনিসিয়ুস জুনিয়রের চেয়ে তার ব্রাজিল সতীর্থ রদ্রিগোকে প্রাধান্য দিয়ে বেশকিছু ম্যাচে শুরুর একাদশে খেলানো হয়। কেবল এমবাপ্পের জায়গাই নিশ্চিত কিনা, এমন প্রশ্নের জবাবে আলোনসো বলেন, ‘আমাদের এখনো অনেক ম্যাচ বাকি আছে এবং আমি নিশ্চিত কখনো হয়তো দেখা যাবে সে শুরুতে নেই। এটা তাকে স্বাভাবিকভাবেই মেনে নিতে হবে। কিলিয়ান গুরুত্বপূর্ণ খেলোয়াড়, তবে এমন দিনও আসবে যখন সে শুরুতে নাও থাকতে পারে। আমরা তো সবে পাঁচটি ম্যাচ খেলেছি, আমাদের শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে।’
মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগে মার্শেইকে ২-১ গোলে হারানো ম্যাচে শুরুর একাদশে রাখা হয়নি ভিনিসিয়ুসকে।
তাকে বসিয়ে রেখে রদ্রিগোকে খেলানো হয়। রদ্রিগোর বদলি হিসেবে ৬৩ মিনিটে মাঠে নামানো হয় ভিনিকে। এতে ব্রাজিলীয় সুপারস্টার অসন্তোষ প্রকাশ করেন। রিয়ালের শুক্রবারের অনুশীলনের সময় বিষয়টি নিয়ে খেলোয়াড়টির সঙ্গে কথা বলেছেন আলোনসো। এ নিয়ে আলোনসো বলেন, ‘হ্যাঁ, তার সঙ্গে কথা হলো। মঙ্গলবার ম্যাচের দিন তো আর কথা বলার পরিবেশ থাকে না। কিন্তু আজ তাকে বেশ সুখী আর ইতিবাচক দৃষ্টিভঙ্গির মনে হলো। তার সঙ্গে অল্প কথা হলো। আমার সঙ্গে আলাদা করে কিছু কাজও করেছে সে। এ সময় সে বেশ খুশি ছিল।’
লা লিগায় গতকাল রাতে এস্পানিওলের বিপক্ষে খেলেছে রিয়াল মাদ্রিদ।










