দুই টেস্টের সিরিজে মুখোমুখি হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ। অ্যান্টিগার নর্থ সাউন্ডে আজ বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে প্রথম টেস্ট। এটা দুই দলের ২১তম টেস্ট লড়াই। ওয়েস্ট ইন্ডিজ ১৪টি ম্যাচ জিতে এগিয়ে রয়েছে, বাংলাদেশের জয় ৪টি। ক্যারিবীয়দের বিপক্ষে তৃতীয়বারের মতো সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে খেলতে নামছে নাজমুল হোসেন শান্তবিহীন বাংলাদেশ।

জ্যামাইকার স্যাবাইনা পার্কে ৩০ নভেম্বর থেকে দ্বিতীয় ও শেষ টেস্ট। এরপর তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে দুটি দল।

এ সিরিজে চোটের কারণে খেলা হচ্ছে না বাংলাদেশ অধিনায়ক শান্ত ও দেশের শীর্ষ টেস্ট রান সংগ্রাহক মুশফিকুর রহিমের। এদিকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে বিশ্রাম পাওয়া পেসার আলজারি জোসেফ বাংলাদেশ সিরিজে ফিরলেও আরেক অলরাউন্ডার জেসন হোল্ডারকে পাচ্ছে না ওয়েস্ট ইন্ডিজ।

পাকিস্তানে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের পরপর ভারতের মাঠে গিয়ে বাজেভাবে হেরেছে শান্তর দল। এরপর প্রোটিয়াদের কাছেও বিধ্বস্ত হয় তারা। টানা দুই সিরিজে চারটি টেস্টে পরাজিত বাংলাদেশ দল এবার ক্যারিবীয় দ্বীপে নতুন চ্যালেঞ্জের মুখোমুখি।